""

কাউখালীতে সেনা তৎপরতায় উৎসব ম্লান হওয়ার শঙ্কা এলাকাবাসীর


কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

পার্বত্য চট্টগ্রামে চলছে পাহাড়িদের প্রধান সামাজিক-সাংস্কৃতিক উৎসব বৈ-সা-বি (বৈসু-সাংগ্রাই-সাংলান-সাংক্রাই-সাংগ্রাইং-বিঝু-বিষু-বিহু...)। গতকাল (১২ এপ্রিল) থেকে এ উৎসব শুরু হয়েছে।

আজ সোমবার (১৩ এপ্রিল ২০২৬) চাকমা সম্প্রদায় ‘মুর বিঝু’(মূল বিঝু), মারমা সম্প্রদায় ‘পাইংছোয়াই’ ও ত্রিপুরা সম্প্রদায় ‘হারি বৈসু’ উৎসব পালন করছে।

কিন্তু এই উৎসবের সময়ে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ও ফটিকছড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর তৎপরতার ফলে উৎসব ম্লান হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (১৩ এপ্রিল) সকাল ১১টার সময় কাউখালি সাব-জোন থেকে ক্যাপ্টেন রনজিৎ-এর নেতৃত্বে ২২ জনের একটি সেনাদল নিচপাড়া, ধুরধুরিছড়া ঘুরে কচুখালি হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে।

অপরদিকে, গতকাল (১২ এপ্রিল) দুপুর ১২টার সময় থেকে গোদার পাড় সেনা ক্যাম্প থেকে জনৈক সিনিয়র ওয়ারেন্ট অফিসারের নেতৃত্বে ১৮-২০ জনের একটি সেনাদল রাউজান ঘুরে বর্তমানে ডাব্বুয়া বৃক্ষ ভানুপুর উচ্চ বিদ্যালয়ে অবস্থান করছে। সেখান থেকে সেনারা হেডম্যান পাড়া, ডাবুয়াসহসহ বিভিন্ন গ্রামে ঘোরাফেরা করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

উৎসবের সময়ে সেনাবাহিনীর এমন তৎপরতা ও অবস্থানের কারণে উৎসব ম্লান হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

এ নিয়ে এলাকার মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিগণ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বছরে একবার আমরা এই উৎসব পালন করে থাকি। কিন্তু বিনা কারণে সেনাবাহিনীর তৎপরতা ও অবস্থানের কারণে জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সেনারা জনগণের কাছ থেকে নানা বিষয়ে হয়রানিমূলক জিজ্ঞাসাবাদ করারও অভিযোগ করেছেন তারা।

সেনাবাহিনীর টহল-তৎপরতার কারণে উৎসবের আমেজে কিছুটা হলেও বিরূপ প্রভাব পড়ছে বলে এলাকাবাসী অভিযোগ করেন। তারা এমন সেনা তৎপরতা বন্ধ করে নির্বিঘ্নে উৎসব পালনের পরিবেশ ‍সৃষ্টির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এদিকে, সেনা সদস্যরা উক্ত বিদ্যালয়গুলোতে তিন দিন অবস্থান করতে পারে বলে একটি বিশেষ সূত্রে খবর পাওয়া গেছে। ফলে এলাকার জনমনে আরো বেশি উদ্বেগ দেখা দিয়েছে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


 





0/Post a Comment/Comments