রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
“আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে অসত্য
ও বিভ্রান্তিকর অভিযোগ উত্থাপনপূর্বক অপপ্রচার” না চালাতে রাঙ্গামাটি জেলা ম্যাজিস্ট্রেট
নাজমা আশরাফী কর্তৃক গত ৬ এপ্রিল ২০২৬ চাকমা রাণী ইয়েন ইয়েনকে যে চিঠি দেয়া হয়েছে তা
দেশের সংবিধান পরিপন্থী ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ বলে নিন্দা জানিয়েছে
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
আজ রবিবার (২৬ এপ্রিল ২০২৬) সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে ইউপিডিএফের
মুখপাত্র অংগ্য মারমা উক্ত নিন্দা জানিয়ে এই বলে মন্তব্য করেন যে, ‘পার্বত্য চট্টগ্রামে
অব্যাহতভাবে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো যাতে বিশ্ববাসী জানতে না পারে, সেই
লক্ষ্যে রাণী ইয়েন ইয়েনের ওপর মনস্তাত্বিক চাপ সৃষ্টি করে তার মুখ বন্ধ করে দিতে উক্ত
অসম্মানজনক চিঠি দেয়া হয়েছে।’
বাংলাদেশের কোন আইনে বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীর কার্যকলাপের সমালোচনা
নিষিদ্ধ করা হয়েছে ইউপিডিএফ নেতা তা সরকারের কাছে জানতে চান। তিনি দাবি করেন, ‘রাণী
ইয়েন ইয়েন বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে কোন ঘটনা বিষয়ে “অসত্য ও বিভ্রান্তিকর”
অপপ্রচার চালাচ্ছেন তা প্রকাশ এবং উক্ত ঘটনার সত্যাসত্য নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের
মাধ্যমে উদ্ঘাটন করা হোক।’
দেশের যে কোন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দেশে ও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার
অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে বলে অংগ্য মারমা মনে করেন এবং বলেন, ‘এই অধিকার আওয়ামী
লীগ, বিএনপিসহ বিভিন্ন দলের নেতা কর্মী ও সমর্থকরা নিয়মিত প্রয়োগ করে থাকেন।’
রাণী ইয়েন ইয়েনেরও পার্বত্য চট্টগ্রামসহ দেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের
বিরুদ্ধে কেবল কথা বলার অধিকার আছে তাই নয়, এর বিরুদ্ধে সোচ্চার হওয়া তার নৈতিক ও নাগরিক
দায়িত্ব বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
তিনি চাকমা রাণীর বা অন্য যে কোন নাগরিকের মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ
না করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
