""

সাজেকে সেনা অভিযান চলছে, জনমনে উদ্বেগ


সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৬ এপ্রিল ২০২৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে গত ৩ এপ্রিল ২০২৬ থেকে বাংলাদেশ সেনাবাহিনী অভিযান পরিচালনা করছে বলে খবর পাওয়া গেছে। এতে প্রায় ৮০ জন সদস্য অংশগ্রহণ করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

সেনা অভিযানের কারণে এলাকার জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। 

জানা যায়, অভিযানের প্রথম দিনে বাঘাইহাট জোনের ৪০ জন সদস্যকে কোজোতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোতায়েন করা হয়।

এরপর ৫ এপ্রিল দুপুরের দিকে একই জোন থেকে আরও ৪০ জন সদস্য এই অভিযানে যোগ দেন। একই দিনে প্রথম দফায় মোতায়েন করা সদস্যদের মধ্যে ২৭ জন প্রায় তিন কিলোমিটার উত্তরে অবস্থিত ভূয়োছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান নেন।

৬ এপ্রিল ভোরে দ্বিতীয় দফায় আরও ২৭ জন সেনা সদস্য সেখানে দেন। বর্তমানে এই সম্মিলিত সেনা দলটি ভূয়োছড়ি থেকে আনুমানিক ২ থেকে ৩ কিলোমিটার উত্তরে অবস্থিত মিদিংগাছড়ি গ্রামের দিকে অগ্রসর হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্র অনুযায়ী, উক্ত এলাকায় প্রায়ই সেনা অভিযান পরিচালিত হয়ে থাকে এবং কিছু ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)-এর সন্তু লারমা পক্ষের সঙ্গে সমন্বয়ের অভিযোগও রয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে।

চলমান এই সেনা অভিযান স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে সেনাবাহিনীর উপস্থিতি নিয়ে। তাদের এ অভিযান স্থানীয় সাধারণ মানুষের দৈনন্দিন কাজ-কর্ম ও জীবন-যাপন ব্যাহত করতে পারে এবং ভীতি ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া বিদ্যালয়ের মতো স্থাপনা সামরিক কাজে ব্যবহার করা আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালার দৃষ্টিকোণ থেকেও গুরুতর উদ্বেগের বিষয়।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments