সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১২ মে ২০২৬
রাঙামাটির সাজেকে মালিকানাধীন বাগান থেকে কর্তনকৃত গাছ জব্দ করার অভিযোগ
উঠেছে বনবিভাগের বিরুদ্ধে।
গতকাল সোমবার (১১ মে ২০২৬) সন্ধ্যা ৬টা সময় সাজেকের বাঘাইহাট ১০ নম্বর
এলাকায় গাছগুলো জব্দ করা হয় বলে জানা গেছে।
ভুক্তভোগী বাঘাইহাট আগালাছড়া গ্রামের বাসিন্দা মৃত সুর মোহন চাকমার স্ত্রী
লতা চাকমা(৫০) জানান, “আমার স্বামী জীবিত থাকাকালীন রোপন করা সেগুন বাগান থেকে কিছু
গাছ পারিবারিক খরচ মেটানোর জন্য কয়েকদিন আগে কর্তন করি। আমার ছেলে বাকপ্রতিবন্ধী হওয়ায়
ভাতিজা চিকন চাকমাকে দিয়ে একটি জীপ গাড়িতে করে (জীপ নং খাগড়াছড়ি ০২০০০৪) গাছগুলো গতকাল
দীঘিনালার কবাখালী গাছ ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে পাঠায়। কিন্তু নেওয়ার সময় বাঘাইহাট
১০ নম্বরে বন কর্মকর্তা মো. আক্তারুজ্জানের নির্দেশে ও মো. আজিজ নেতৃত্বে বনবিভাগের
৫ জনের একটি টিম গাছ বহনকারী গাড়িটি আটকিয়ে বাঘাইহাট বনবিভাগ অফিসে নিয়ে যায়। গাড়িটিতে
৭৪টি সেগুন কাঠের লক ছিল।”
ভুক্তভোগীর ভাতিজা চিকন চাকমা বলেন, গতকাল ১০ নম্বরে জেলা পরিষদের টোল আদায়
কেন্দ্রে প্রতি জীপ কাঠের নির্দিষ্ট চাঁদা ৩,৫০০ টাকা পরিশোধ করার সময় বন বিভাগের কর্মকর্তারা
গাছসহ জীপ গাড়িটি আটকিয়ে পুনরায় বাঘাইহাটের দিকে নিয়ে গেছে।
গাছ বহনকারী জীপ গাড়িটির চালক আল আমিন বলেন, ‘আগালাছড়া থেকে গাছ বের করে
বাঘাইহাট ১০ নম্বরে জেলা পরিষদের টোল আদায় কেন্দ্রে নির্ধারিত চাঁদা দেওয়ার পর বনবিভাগের
কর্মকর্তারা আমাকে বাঘাইহাটের দিকে গাড়ি ঘুরাতে বলে এবং গাড়িটি বাঘাইহাট বন বিভাগের
অফিসে নিয়ে যায়। আজ সেখানে গিয়ে যোগাযোগ করলেও গাছ আর গাড়িটি ফেরত দেয়নি।
বনবিভাগে কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, ‘দীঘিনালা গাছ ব্যবসায়ীদের আগে
জানিয়ে দেওয়া হয়েছিল বাঘাইহাট এলাকা থেকে কেউ গাছ নিলে আগে যোগাযোগ করতে হবে। কোন ব্যবসায়ী
গাছ নেওয়ার সময় যোগাযোগ করে না। তবে এ গাছগুলো ব্যক্তি মালিকানাধীন তা আমাদের জানা
ছিল না। পরবর্তী উপর মহলের সাথে যোগাযোগ করে এবং গাছ ব্যবসায়ীদের সাথে আলোচনা করে গাছগুলো
ফেরত দেওয়া যায় কিনা দেখা যাবে।’
এ বিষয়ে বাঘাইহাট স্থানীয় মুরুব্বীরা অভিযোগ করে বলেন, প্রায় সময় বনবিভাগ
এ ধরনের হয়রানি করে থাকে। ব্যক্তি মালিকানাধীন বাগানের গাছ কর্তন করলেও বনবিভাগের সাথে
যোগাযোগ করতে হয়। আর যোগাযোগ করলে তারা প্রতি জীপে দুই হাজার টাকা নেয়। তারা জব্দকৃত
লতা চাকমার গাছগুলো ফেরত দিতে বনবিভাগের প্রতি আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
