""

বাঘাইছড়ির মারিশ্যায় সুদৃষ্টি অরণ্য কুটির এলাকায় সেনাবাহনী ও সন্তু গ্রুপের পাশাপাশি অবস্থান, গোপন সমঝোতার সন্দেহ স্থানীয়দের


বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৩নং মারিশ্যা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কদমতলী গ্রাামের সুদৃষ্টি অরণ্য কুটির ভাবনা কেন্দ্র এলাকায় সেনাবাহিনীর একদল সদস্য ও জেএসএস সন্তু গ্রুপের একটি সশস্ত্র দল পাশাপাশি অবস্থানের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে গোপন সমঝোতা হয়ে থাকতে পারে বলে স্থানীয়রা সন্দেহ করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার (১৩ মে) দুপুর ২টার সময় করেঙ্গাতলী সাব-জোন থেকে ২০-২৫ জনের সেনাবাহিনীর একদল সদস্য সুদৃষ্টি অরণ্য কুটির এলাকায় গিয়ে অবস্থান নেয়। সেনাদের সেখানে যাওয়ার কয়েক ঘন্টা পর সন্ধ্যা ৭টার দিকে কজোইছড়ি দিক থেকে সন্তু গ্রুপের ৩৫ জনের একটি সশস্ত্র দলও উক্ত এলাকায় চলে আসে এবং কুটিরের পূর্বদিকে অবস্থান নেয়। বর্তমানে উভয়ে আনুমানিক ৫০০ গজ দূরত্বের মধ্যে অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সেনাবাহিনী ও সন্তু গ্রুপ গোপন বোঝাপড়ার ভিত্তিতে সেখানে পাশাপাশি অবস্থান করছে বলে স্থানীয়রা সন্দেহ করছেন।

এলাকায় এক মুরুব্বী বিস্ময় প্রকাশ করে বলেন, সেনাবাহিনী যেভাবে “সশস্ত্র সন্ত্রাসী” খোঁজে অপারেশন চালিয়ে জনগণকে হয়রানি করে, অথচ জেএসএসের সশস্ত্র দলটি তাদের পাশে অবস্থান করলেও তারা কোন কিছুই করছে না। মনে হয় তাদের মধ্যে কোন বোঝাপড়া রয়েছে।”

নাম প্রকাশ না করার শর্তে এলাকার আরও একাধিক ব্যক্তি বলেন, ‘আমরা মনে করেছিলাম সেনাবাহিনী ও জেএসএসের সশস্ত্র সদস্যদের মধ্যে যুদ্ধ বাঁধবে। কিন্তু দেখছি তারা অনেকটা সহাবস্থানে রয়েছে।’

তারা সেনাবাহিনী ও জেএসএসের মধ্যে গোপন বৈঠক বা সমঝোতা হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেছেন।

এদিকে, ধর্মীয় প্রতিষ্ঠান এলাকায় সেনাবাহিনী ও জেএসএসের সশস্ত্র দলের অবস্থানকে ধর্মীয় অনুভূতির ওপর আঘাত হিসেবে দেখছেন এলাকার সাধারণ বাসিন্দা ও দায়ক-দায়িকারা।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments