পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের জগপাড়ায় জেএসএস সন্তু গ্রুপের
সশস্ত্র সন্ত্রাসীদের নির্বিচার গুলিতে পাড়ার দুই বাসিন্দার ৩টি গরু মারা গেছে এবং
আরেকটি গরু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া একটি মোটর সাইকেল
ও ঘরবাড়িতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলেও স্থানীয়রা জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২১ মে ২০২৬) ভোর রাত ৩টার সময় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র
সন্ত্রাসীদের একটি দল ইউপিডিএফ সমর্থকদের ওপর হামলা করতে এসে এই তাণ্ডবলীলা চালায়।
ক্ষতিগ্রস্তরা হলেন- শ্যামল চাকমা (৩৮) ও চাক্কোয়ালি চাকমা (৭০)। তারা দু’জনই
জগপাড়ার বাসিন্দা।
এদের মধ্যে শ্যামল চাকমার ১টি ও চাক্কোয়ালি চাকমার ২টি গরু মারা গেছে। এছাড়া
চাক্কোয়ালি চাকমার আরেকটি গরু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।
স্থানীয়রা জানান, বৃদ্ধ চাক্কোয়ালি চাকমার জীবিকার শেষ অবলম্বন এই গরুগুলো
মারা যাওয়ায় তিনি অসহায় ও মর্মাহত হয়ে পড়েছেন।
অন্যদিকে, জুনেল চাকমা (২৬) নামে এক যুবকের ব্যবহৃত Hero Hunk ১৫০ সিসি
মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
গ্রামবাসীরা আরও জানান, সন্ত্রাসীদের হামলায় কয়েকটি ঘরবাড়ি, পরিবারের ব্যবহৃত
আসবাবপত্র (আলমারি, চেয়ার ইত্যাদি) ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা-তাণ্ডবের পর এলাকা
ত্যাগ করার সময় গ্রামবাসীদের উদ্দেশ্যে কটাক্ষ করে বলে গেছে, “আজ গরুর মাংস দিয়ে ইউপিডিএফ
সদস্যদের আপ্যায়ন করো।”
তাদের এমন কথায় গ্রামবাসীরা ধারণা করছেন তারা ইচ্ছাকৃতভাবে গুলি
করে গরুগুলোকে হত্যা করেছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ-অসন্তোষ দেখা দিয়েছে। গ্রামবাসীরা সন্তু
গ্রুপের এমন নৃশংসতার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
