""

ইউপিডিএফ সদস্যকে হত্যার প্রতিবাদে সাজেকে আধাবেলা সড়ক অবরোধ শান্তিপূর্ণভাবে পালিত

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১১ মে ২০২৬

সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়ে সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা(তরুণ)-কে হত্যার প্রতিবাদে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনগুলোর ডাকে রাঙামাটির সাজেকে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণ ও সফলভাবে পালিত হয়েছে।

আজ সোমবার (১১ মে ২০২৬) ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।

পিকেটাররা সাজেক পর্যটন সড়কের উজোবাজার এলাকার গঙ্গারাম ব্রীজ ও মাচলং এলাকায় সড়কে টায়ার ও গাছের গুড়িতে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন।

অবরোধ চলাকালে অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি সমাপ্ত হয়।

অবরোধের কারণে সাজেক পর্যটন সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। রোগী পরিবহন, ধর্মীয়, জরুরী সেবা গাড়ি ব্যতীত অন্য কোন গাড়ি চলাচল করেনি।

অবরোধ শেষ হওয়ার আগে সাজেকের গঙ্গারাম ব্রীজে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এতে ইউপিডিএফের সাজেক এলাকার সংগঠক কালো বরণ চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা শাখার অর্থ সম্পাদক সুজয় চাকমা বক্তব্য রাখেন। সেখান থেকে অবরোধ সমাপ্তির ঘোষণা দেওয়া হয়।

বক্তারা অবরোধ কর্মসূচি সফল করায় সকলকে ধন্যবাদ জানান। তারা অবিলম্বে ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা(তরুণ)-এর খুনিদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

তারা খুনি-সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং শাসকগোষ্ঠীর সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।


অন্যদিকে মাচলংয়ে ইউপিডিএফের সংগঠক সুমন চাকমার নেতৃত্বে চলা অবরোধও যথাসময়ে তুলে নেওয়া হয়।

অবরোধ শেষে দীঘিনালা-সাজেক ও বাঘাইছড়ি সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ৯ মে বাঘাইছড়ি-দীঘিনালা সীমান্তের শুকনোছড়ায় ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা হেগেরা চাকমা (তরুণ)-কে গুলি করে নির্মমভাবে হত্যা করে। ঐদিন সাজেকের উজোবাজারে তাৎক্ষণিক বিক্ষোভ থেকে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনগুলো আজকের এই অবরোধ কর্মসূচির ডাক দিয়েছিল।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments