
রামগড় (খাগড়াছড়ি), সিএইচটি নিউজ
শনিবার, ৩০ মে ২০২৬
খাগড়াছড়ির রামগড়ে গত ২৮ মে ২০২৬ (বৃহস্পতিবার) এক মৌসুমী ফল ব্যবসায়ীর কাছ থেকে সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদা নিতে গিয়ে জনতার হাতে আটক হয় দুই সেটলার যুবক। অবশ্য পরে জনতা তাদেরকে ছেড়ে দেয় বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, ওই দিন সকাল ১১টার সময় মৌসুমী ফল ব্যবসায়ী মো. উজ্জ্বল (৩৪)-এর কাছ থেকে ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদা নিতে গুইমারা থেকে মোটর সাইকেলে করে রামগড়ের ভট্টপাড়া এলাকায় যান মো. নুরুল হক (২৬) ও মো. নজরুল ইসলাম (১৮) নামে দুই সেটলার যুবক। তারা দু’জনই গুইমারার মুসলিম পাড়া এলাকার বাসিন্দা।
ফল ব্যবসায়ী মো. উজ্জ্বল-এর বাড়ি নারায়ণগঞ্জের বাইশদিয়া এলাকায় বলে জানা গেছে। তিনি ওই এলাকায় একটি লিচু বাগান ক্রয় করেন। মূলত ওই লিচু বাগানের জন্য তার কাছ থেকে ঠ্যাঙাড়েরা চাঁদা দাবি করেছিল।
ব্যবসায়ী মো. উজ্জ্বল উক্ত দুই সেটলার যুবকের হাতে ঠ্যাঙাড়েদের দাবিকৃত ১০ হাজার
টাকা চাঁদা দেন এবং ওই চাঁদার একটি রশিদও তাকে দেয় তারা।
পরে খবর পেয়ে স্থানীয় জনতা চাঁদা নিতে যাওয়া নুরুল হক ও নজরুল ইসলামকে হাতেনাতে
আটক করতে সক্ষম হয়। তারা সজল ত্রিপুরা নামে একজন ঠ্যাঙাড়ে সন্ত্রাসী তাদেরকে চাঁদা
নিতে পাঠিয়েছে বলে জনতার কাছে স্বীকারোক্তি দেয়।
পরে ওইদিন স্থানীয় বাঙালি মুরুব্বীদের মাধ্যমে জনতা তাদেরকে ছেড়ে দেয় বলে জানা গেছে।
এদিকে, সেটলার যুবকদের ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের সাথে যুক্ত হওয়া নিয়ে এলাকায়
চাঞ্চল্য ও জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী মনে করছেন, সেনাবাহিনী ও শাসকগোষ্ঠী পরিকল্পিতভাবে পাহাড়ের পরিস্থিতি
অস্থিতিশীল করার জন্য সেটলার যুবকদের ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের দলে যুক্ত হতে উৎসাহিত
করছে।
এর আগে গত বছর ১ সেপ্টেম্বর ২০২৫ রামগড়ের নাকাপা বাজার থেকে বাসনা মোহন চাকমা নামে এক ব্যক্তিকে অপহরণের ঘটনায়ও ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের সাথে ছাত্রলীগ নেতা মো. মাসুদ হোসেন বাপ্পী, মঞ্জু ইসলামসহ কয়েকজন বাঙালি যুবক সরাসরি জড়িত ছিলেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।