রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১৬ মে ২০২৬
খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর গুলিতে এক ব্যক্তি (মোটর সাইকেল চালক) আহত
হয়েছেন। এছাড়া সেনারা ইউপিডিএফের দুই সদস্যকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে।
আজ শনিবার (১৬ মে ২০২৬) সকাল সাড়ে ১১টার সময় রামগড়ের পাতাছড়া ইউনিয়নের ৩নং
ওয়ার্ডের ৬ মাইল নামক স্থানে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম সুইথোয়াই মারমা (৩২), পিতা: মংসা মারমা, গ্রাম: যৌথ
খামার, ১নং ওয়ার্ড, রামগড় সদর ইউপি। তিনি পেশায় একজন ভাড়ায় মোটর সাইকেল চালক। সেনারা
তাকে আহত অবস্থায় রামগড় উপজেলা হাসপাতালে ভর্তি করেছে বলে জানা গেছে।
আর আটক দুই ইউপিডিএফ সদস্য হলেন-
১. মন্টু চাকমা ওরফে রনেল (২৮), পিতা: সমির কান্তি চাকমা, গ্রাম: পক্ষীমুড়া,
২নং ওয়ার্ড, সিন্দুকছড়ি ইউপি, গুইমারা খাগড়াছড়ি।
২. রাজু মার্মা ওরফে সাচিং (২২), পিতা: মংহ্লা প্রু মারমা, গ্রাম: যৌথ খামার,
রামগড় সদর ইউপি, খাগড়াছড়ি।
আটক দুই জনকে বর্তমানে সেনাদের হেফাজতে রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ (১৬ মে) সকাল সাড়ে ১১টার সময় ইউপিডিএফের উক্ত
দুই সদস্য সুইথোয়াই মারমার মোটর সাইকেল ভাড়া নিয়ে সাংগঠনিক কাজে যাচ্ছিলেন। যাবার পথে
৬ মাইল নামক স্থানে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সেনা সদস্যরা তাদেরকে লক্ষ্য করে
গুলি বর্ষণ করে। এতে মোটর সাইকেল চালক সুইথোয়াই মারমা গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ সময়
সেনারা মোটর সাইকেল থাকা ইউপিডিএফ সদস্য মন্টু চাকমা ও রাজু মার্মাসহ তাদের তিন জনকে
আটক করে। পরে আহত মোটর সাইকেল চালক সুইথোয়াই মারমাকে সেনারা রামগড় উপজেলা হাসপাতালে
নিয়ে ভর্তি করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকার জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত ঘটনাস্থল ৬ মাইল এলাকায় বিপুল সংখ্যক সেনা সদস্যের উপস্থিতির কথা জানিয়েছেন স্থানীয়রা।
সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, আহত মোটর সাইকেল চালক সুইথোয়াই মারমাকে রামগড় উপজেলা হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। অপরদিকে আটক দুই ইউপিডিএফ সদস্যকে শারীরিক নির্যাতনের পর রামগড় উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
