""

বান্দরবানে ৫ বছরের শিশুকে ধর্ষণসহ সারাদেশে নারী-শিশু ধর্ষণের প্রতিবাদে দীঘিনালায় পিসিপি'র বিক্ষোভ

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৫ মে ২০২৬

বান্দরবানের থানচিতে ৫ বছরের ত্রিপুরা শিশুকে ধর্ষণ, রাঙামাটির বিলাইছড়িতে সেটলার কর্তৃক ৯ম শ্রেণির পাহাড়ি শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা-সহ বান্দরবানে শিশু ধর্ষণের বিচার চাইতে গিয়ে বিজিবির নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় বিক্ষোভ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), দীঘিনালা উপজেলা শাখা।

আজ সোমবার (২৫ মে ২০২৬) দীঘিনালা উপজেলার বাবুছড়া কলেজ এলাকায় প্রথমে বিক্ষোভ মিছিল ও পরে সমাবেশ করা হয়।

“পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াও” শ্লোগানে আয়োজিত সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের দীঘিনালা উপজেলা শাখার সভাপতি অর্জুন চাকমার সভাপতিত্বে ও সদস্য রিকন চাকমার সঞ্চালনায় বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসাধারন সম্পাদক শান্ত চাকমা ও খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদক সুনীল চাকমা প্রমুখ।

সমাবেশে শান্ত চাকমা বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরেও দেশে ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে চলছে। বিচারহীনতার সংস্কৃতি ও দেশে কার্যত আইনি শাসনব্যবস্থা দুর্বল হওয়ায় দুস্কৃতিকারীরা প্রতিনিয়ত ধর্ষণ, খুন, গুমের মতো অপরাধ সংঘটিত করছে। ঢাকায় ৮ বছরের শিশু রামিশা হত্যার পর দ্রুত বিচারের কার্যক্রম শুরু হলেও পার্বত্য চট্টগ্রাম ক্ষেত্রে এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হয় না। উপরন্তু বিচার চাইতে গেলে হামলার শিকার হতে হয়। গতকাল (২৪ মে) বান্দরবানের থানচিতে ৫ বছরের ত্রিপুরা শিশুকে ধর্ষণের প্রতিবাদ ও বিচার চাইতে গিয়ে এলাকার পাহাড়িরা বিজিবি পুলিশ কর্তৃক নগ্ন হামলার শিকার হন।

তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে দ্বৈতশাসন নীতি চলমান থাকার কারণে ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর সারাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার কথা থাকলেও পাহাড়ে এখনো ভিন্ন চিত্র প্রকাশ পাচ্ছে।

তিনি অবিলম্বে বান্দরবানসহ সারাদেশে নারী-শিশু ধর্ষণের সুষ্ঠু বিচার ও দোষীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার দাবি জানান।

সুনীল চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে এখনও সেনাশাসন রয়েছে। যার কারণে ধর্ষকের বিচার হয় না, অপরাধীরা পার পেয়ে যায়।

তিনি বলেন, বাংলাদেশকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গঠনের যে স্বপ্ন তা পার্বত্য চট্টগ্রামকে বাদ দিয়ে কখনো সম্ভব নয়। পাহাড়িদের ওপরে দমন-পীড়ন ও ধর্ষণের ঘটনার বিচার না করে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে না।

তিনি বান্দরবানের থানচিতে ৫ বছরের ত্রিপুরা শিশুকে ধর্ষণকারী বিজয় বড়ুয়াসহ পাহাড় ও সমতলে সকল নারী-শিশু ধর্ষণে জড়িত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেওয়ার দাবি জানান।



সভাপতির বক্তব্যে অর্জুন চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী শিশু ধর্ষণের পরে হত্যার মতো জঘন্য ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এত জঘন্য ঘটনার পরও দুস্কৃতিকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি না হওয়ার কারণে দেশে শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে। অপরাধীদের শাস্তি দিতে না পারা ও বিচারহীনতার সংস্কৃতির কারণেই ধর্ষকরা এ ধরনের নৃশংস ঘটনা সংঘটিত করার সাহস পাচ্ছে। এই বিচারহীনতার সংস্কৃতি যতদিন পরিবর্তন হবে না ততদিন পার্বত্য চট্টগ্রাম-সহ সারা দেশে ধর্ষণ-হত্যার সুষ্ঠু বিচার হবে না বলে তিনি মন্তব্য করেন।

তিনি অবিলম্বে বান্দরবানের থানচিতে ৫ বছরের ত্রিপুরা শিশুকে ধর্ষণ, ঢাকায় ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণ-হত্যাসহ সকল নারী-শিশু ধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের সর্বোচ্চ সাজা প্রদানের দাবি জানান।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments