""

সন্তু গ্রুপ কর্তৃক উদয়পুরে জুম্ম ব্যবসায়ীদের ওপর নিষেধাজ্ঞার জের: উদয়পুর ব্যবসায়ীদের মালামাল বিক্রিতে পাল্টা নিষেধাজ্ঞা


সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ

শনিবার, ৯ মে ২০২৬

গত বছর অর্থাৎ ২০২৫ সাল থেকে জেএসএস সন্তু গ্রুপ রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক ইউনিয়নে মিজোরাম সীমান্তবর্তী উদয়পুর বাজারে মাচালং ও উজোবাজারের জুম্ম ব্যবসায়ীদের ব্যবসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

এরপর দুই দোকানদার ও অপর এক ব্যক্তিকে উদয়পুর বাজার থেকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়। সন্তু গ্রুপের কমান্ডার বিক্রম তাদেরকে ৪৮ ঘন্টার মধ্যে বাজার থেকে চলে যাওয়ার নির্দেশ দেয়। ফলে দুই ব্যবসায়ী অশোক কুমার চাকমা ওরফে কবিতা বাপ ও বিমলা রঞ্জন চাকমা এবং সাধারণ জুমচাষী ধুধুকাং চাকমা উদয়পুর বাজার ত্যাগ করতে বাধ্য হন।

তাদের একমাত্র দোষ তাদের বাড়ি ইউপিডিএফ নিয়ন্ত্রিত এলাকায়। এছাড়া তাদের বিরুদ্ধে অন্য কোন অভিযোগ ছিল না।

বাঘাইহাট বাজারের পাশে এমএসএফ পাড়ার বাসিন্দা অশোক কুমার চাকমার ভাষ্য মতে, তাকে গত বছর ২৮ ফেব্রুয়ারি উদয়পুর বাজার থেকে উৎখাত করা হয়। উদয়পুর বাজারে তিনি একটি দোকান, সুপারী বাগান, বরই গাছের বাগান ও দোকানের অবিক্রিত মালামাল ফেলে আসতে বাধ্য হন, যার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা।

অশোক কুমারকে উচ্ছেদের আনুমানিক ৫-৬ মাস পর সন্তু গ্রুপ বিমলা রঞ্জন চাকমাকে উদয়পুর বাজার থেকে উচ্ছেদ করে। তিনিও উক্ত বাজারে দীর্ঘ দিন ধরে দোকান খুলে ব্যবসা করছিলেন। তার বাড়ি মাচালং বাজারে।

সেখানে তার ৪টি দোকান ঘর, দোকানের প্লট ও আবাদযোগ্য জমি রয়েছে, যার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা। এছাড়া ৮০ মন হলুদ, ৩৫ হাজার টাকা দিয়ে ক্রয়কৃত হলুদ খেত, ১০ মন আদা চাষের খেত রেখে আসতে বাধ্য হন।

উদয়পুর এলাকায় বিভিন্ন জনের কাছে তিনি ১৮ লক্ষ টাকার মত ধার দেন। চলে আসতে বাধ্য হওয়ায় সেগুলোও উশুল করতে পারেননি।

তাদেরকে বাজারে থাকা তাদের কোন সম্পত্তি বিক্রি করার কিংবা নিয়ে আসার সুযোগ দেয়া হয়নি। খালি হাতে তাদেরকে উদয়পুর বাজার ত্যাগে বাধ্য করা হয়।

জেএসএস সন্তু গ্রুপ কেবল উক্ত দুই প্রতিষ্ঠিত জুম্ম ব্যবসায়ীকে উৎখাত করেছে তাই নয়, তারা বাঙালি ছাড়া বাইরের অন্য কোন ব্যবসায়ীকে উদয়পুর বাজারে যেতে দেয় না। বাইরে থেকে সেখানে কোন জুম্ম গেলে তাকে ধরে জিজ্ঞাসাবাদ ও হয়রানি করে।

গত মার্চ মাসে (২০২৬) মিলন চাকমা নামে উজ্জেংছড়ির এক বাসিন্দা ভারত থেকে ৯০ লিটার তেল নিয়ে আসেন। কিন্তু জেএসএস সন্তু গ্রুপ উদয়পুর বাজারে সেটা আটকায়।

এর প্রতিবাদে পাল্টা হিসেবে মাচালং ও উজোবাজারের ব্যবসায়ীরা উদয়পুরের এক মুদি দোকানদারের মালামাল আটক করে। উদ্দেশ্য জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক মিলন চাকমার জব্দকৃত তেল ফেরত পাওয়ার জন্য দেন দরবার করা। কিন্তু তারপরও সন্তু গ্রুপ তার তেল ফেরত দেয়নি। অপরদিকে ব্যবসায়ীরা মানবিক কারণে কয়েকদিন পর উদয়পুরের দোকানির মালামাল ফেরত দেয়।

এরপর জুম্ম ব্যবসায়ীরা মাচালং ও উজো বাজারে আসতে উদয়পুর বাজারের ব্যবসায়ীদের বাধা দিতে শুরু করে। ফলে উদয়পুর বাজারের ব্যবসায়ীরা মাচালং বাজারে তাদের আদা ও হলুদ বিক্রি করতে চাইলে বাধার সম্মুখীন হয়।

এর প্রতিক্রিয়ায় সন্তু গ্রুপ বাঘাইহাট জীপ মালিক সমিতিকে জুম্ম ব্যবসায়ীদের মালামাল পরিবহণ না করতে নির্দেশ দেয়। এতে বাঘাইহাট জোনের সেনাদের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানা যায়। বিনিময়ে জেএসএস সন্তু গ্রুপ বাঙালি ব্যবসায়ীদেরকে উদয়পুর বাজারে যাওয়ার অনুমতি দেয়।

এই অবস্থায় গত ১ মে সাজেক ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার বিমল কান্তি চাকমা, ৩ নং ওয়ার্ডের মেম্বার বিব্র কান্তি চাকমা ও আরও ২-৩ জন মুরুব্বী উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সন্তু গ্রুপের নেতাদের সাথে দেখা করতে উদয়পুর যান।

তারা ব্যবসায়ীদের সাথে দ্বন্দ্বের বিষয়টি কীভাবে মীমাংসা করা যায় সে বিষয়ে মতামত তুলে ধরেন। কিন্তু মিটিঙে সন্তু গ্রুপের কমান্ডার বিক্রম চাকমা তাদেরকে অপমান করে সোজাসুজি বলেন, ‘উদয়পুর বাজারে কাকে ব্যবসা করতে অনুমতি দেয়া হবে, কাকে দেয়া হবে না, সেটা পার্টি জানে। এ ব্যাপারে তোমাদের মাথা না ঘামালেও চলবে।’

তিনি মোনের (বড় পাহাড়ের) পশ্চিম দিকের সবাইকে ‘ইউপিডিএফের চামচা’ বলে আখ্যায়িত করেন।

উজোবাজারের ব্যবসায়ীরা মনে করেন, উদয়পুর বাজারের স্থায়ী দোকানী ও ব্যবসায়ীরা নিজেদের মধ্যে একটি সিন্ডিকেট গড়ে তুলেছে এবং তারা তাদের ব্যবসায়িক স্বার্থে সন্তু গ্রুপকে ব্যবহার করে উদয়পুরের বাইরে থেকে আসা ব্যবসায়ীদের বিরুদ্ধে কাজ করছে।

কোন কোন মহল সন্তু গ্রুপের সাথে মাচালং ও উজোবাজারের জুম্ম ব্যবসায়ীদের দ্বন্দ্বকে ভুলভাবে উপস্থাপন করছে। তারা অসৎ উদ্দেশ্যে ইউপিডিএফকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য পরিবেশন করছে।

উদয়পুর ব্যবসায়ীদেরকে মাচালং বাজারে আদা হলুদ বিক্রিতে ইউপিডিএফ বাধা দিয়েছে একটি মহলের এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ইউপিডিএফ নেতা অডিট চাকমা বলেন, ‘আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই বাধা দেয়ার সাথে পার্টির সামান্যতমও সংশ্লিষ্টতা নেই। যদি কেউ বাধা দেয় সেটা হলো জেএসএস সন্তু গ্রুপের একশনের পাল্টা একশন। উদয়পুর বাজারে যদি মাচালং ও উজোবাজারের ব্যবসায়ীদের যেতে না দেয়া হয়, এই দুই বাজারের ব্যবসায়ীরাও তাদের বাজারে যেতে উদয়পুর বাজারের ব্যবসায়ীদের বাধা দেবে সেটা তো স্বাভাবিক।’

তবে এই পাল্টাপাল্টি বাধা দেয়ার বিষয়টি সমাধান হওয়া দরকার বলে অডিট চাকমা মনে করেন। কারণ এতে জুম্ম ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


 





0/Post a Comment/Comments