রাঙাামটি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৫ মে ২০২৬
রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চংড়াছড়ি গ্রামে
১৫ বছর বয়সী এক প্রতিবন্ধী পাহাড়ি কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো.
সাইফুল ইসলাম তোশিফ (১৬) নামে একজনকে আটক করে কোতোয়ালি থানা পুলিশের নিকট সোপর্দ করেছে
স্থানীয়রা।
আজ শুক্রবার (১৫ মে ২০২৬) সকালে এ ধর্ষণের ঘটনাটি ঘটে বলে জানা যায়।
অভিযুক্ত মো. সাইফুল ইসলাম তোশিফ রিজার্ভ বাজারের পুরানবস্তি এলাকার মো.
সেলিমের ছেলে।
স্থানীয় ও পরিবারের সূত্রে জানা যায়, আজ সকালে ভুক্তভোগী কিশোরী নিজেদের বাড়ির ভেতর
বিদ্যালয়ের বাড়িকাজ (অ্যাসাইনমেন্ট) করছিল। পরিবারের লোকজন কাজে যাওয়ায় বাড়িতে সে একাই
ছিল। এ সময় বাড়ির উঠান দিয়ে এক ব্যবসায়ীর মাছ আনতে ৭-৮ জন সেটলার বাঙালি হেঁটে যায়।
তাদের মধ্য থেকে মো. সাইফুল ইসলাম তোশিফ পানি খাবে বলে ওই কিশোরীর বাড়িতে যায় এবং কিশোরীকে
একা পেয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে আশেপাশে থাকা গ্রামবাসীরা ছুটে গিয়ে
অভিযুক্তকে আটক করে।
পরে স্থানীয় চেয়ারম্যান-মেম্বারসহ গ্রামবাসীরা মিলে অভিযুক্ত সাইফুল ইসলাম তোশিফকে
কোতোয়ালি থানা পুলিশের নিকট হস্তান্তর করে।
ভুক্তভোগী কিশোরীকে জেলা ভিকটিম সাপোর্ট সেন্টারে থেকে স্বাস্থ্য পরীক্ষার
জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
