""

ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের হামলায় নিহত ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা(তরুণ)-এর দাহক্রিয়া সম্পন্ন


সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ

রবিবার, ১০ মে ২০২৬

গতকাল (৯ মে) খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙামাটির বাঘাইছড়ি সীমান্তের শুকনোছড়ায়  সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের হামলায় নিহত ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা(তরুণ)-এর দাহক্রিয়া যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে। ইউপিডিএফসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

আজ রবিবার (১০ মে ২০২৬) দুপুরে সাজেক ইউনিয়নের গঙ্গারাম এলাকার রেতকাবা গ্রামে নিজ বাড়ির সামনে তাকে দাহ করা হয়। 

এর আগে গতকাল সন্ধ্যা ৬টার সময় মাচালং থানা পুলিশ পরিবারের নিকট তাঁর মরদেহটি হস্তাস্তর করার পর নিজ বাড়িতে নিয়ে গেলে ইউপিডিএফের নেতা কর্মীরা দলীয় পতাকা দিয়ে মরদেহের কফিন আবৃত করে।

আজ (রবিবার) দাহক্রিয়া অনুষ্ঠানে শহীদ হেগেরা চাকমা(তরুণ)-এর মরদেহের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইউপিডিএফের সংগঠক রুপেশ চাকমা, কালো বরণ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা শাখার অর্থ সম্পাদক সুজয় চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের উপজেলা সহসাধারণ সম্পাদক সমর চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা সহসাধারণ সম্পাদক বিশাখা চাকমা। এছাড়া এলাকাবাসী পক্ষ থেকে সুকুমার চাকমা চাকমা, শুদ্ধজয়য় চাকমা, জ্ঞানময় চাকমা ও সুভাষ চাকমা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।




শ্রদ্ধা জানানোর পর শহীদ হেগেরা চাকমার প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নীরবতা পালন ও এক শোকসভা করা হয়।

শোকসভায় বক্তব্য দেন রুপেশ চাকমা। এরপর শহীদ হেগেরা চাকমার ছেলে সবুজ চাকমার হাতে দলীয় পতাকা তুলে দেন ইউপিডিএফ সংগঠক কালো বরণ চাকমা।




এরপর তাঁর মরদেহের কফিন শ্মশানে বহন করে নিয়ে যাওয়া হয়। পরে এলাকার জনগণের অংশগ্রহণে সামাজিক রীতিনীতি পালন সাপেক্ষে তাঁর দাহকার্য্য সম্পন্ন করা হয়।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments