গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার রেংখুং এলাকায় ইউপিডিএফ সদস্যদের লক্ষ্য
করে সেনাবাহিনীর গুলিবর্ষণ এবং ইউপিডিএফ সংগঠক সুইপ্রু মারমাকে জামিনের পরও বার বার
সাজানো মামলায় জেলে আটকে রাখার প্রতিবাদে গুইমারায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর
গুইমারা ও মাটিরাঙ্গা উপজেলা শাখা।
আজ বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বিকাল ৩ টায় এ বিক্ষোভের আয়োজন করা হয়।
“পার্বত্য চট্টগ্রামে অপারেশন উত্তরণ বন্ধ কর” এই দাবি সম্বলিত শ্লোগানে
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি
রনি ত্রিপুরার সভাপতিত্বে ও পাহাড়ি ছাত্র পরিষদের গুইমারা উপজেলা শাখার সভাপতি নিকেল
চাকমার সঞ্চালায় বক্তব্য দেন, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য রিকেন
চাকমা ও একই সংগঠনের গুইমারা উপজেলা শাখার সদস্য আব্রেই মারমা।
বক্তারা বলেন, গতকাল মাটিরাঙ্গা উপজেলাধীন রেংখুং এলাকায় ইউপিডিএফের দুই
নিরস্ত্র সদস্যকে হত্যার উদ্দেশ্যে সেনাবাহিনী তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে। যদিও
কোন রকমে তারা প্রাণে রক্ষা পেয়েছেন।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে
সেনাবাহিনীর এমন অমানবিক ঘটনা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। জুম্ম জনগণের ন্যায্য আন্দোলনে
দমনের পরিকল্পিত চক্রান্তের অংশ হিসেবে এ ধরনের ঘটনা সংঘটিত করা হচ্ছে। এর আগেও পার্বত্য
চট্টগ্রামের বিভিন্ন স্থানে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণ-হত্যার
ঘটনা ঘটেছে। পরবর্তীতে এসব ঘটনা বিভিন্ন গণমাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি
সৃষ্টি করা হয়েছে বলে তারা উল্লেখ করেন।
তারা অভিযোগ করে আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে কথিত সন্ত্রাসী
খোঁজার নামে সেনাবাহিনী নিরীহ পাহাড়িদের
বাড়িঘরে তল্লাশি ও হয়রানি এমনকি জিনিসপত্র লুটপাটও করা হচ্ছে। এর মাধ্যমে সাধারণ জনগণের
মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।
বক্তারা বলেন, ইউপিডিএফের সংগঠক সুইপ্রু মারমার গতকাল আদালত থেকে জামিন
হওয়ার পরও তাকে মুক্তি না দিয়ে পুনরায় মিথ্যা সাজানো মামলা দিয়ে কারাগারে আটক রাখা হয়েছে। তাঁর সাথে বারবার এ ধরনের অবিচার করা হচ্ছে। এর আগেও ইউপিডিএফের নেতা-কর্মীরা জামিন পাওয়ার পর কারাগারের
ফটক থেকে পুনরায় আটক হয়েছেন বলে তারা উল্লেখ করেন।
তারা বলেন, দেশের যে কোন নাগরিকের আদালত থেকে জামিন নিয়ে কারামুক্তি পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু আদালতের জামিন আদেশের পরও পুনরায় মিথ্যা মামলা দিয়ে বন্দি করে রাখা মানবাধিকারের চরম লঙ্ঘন। অবিলম্বে সুইপ্রু মারমাকে মুক্তি দিতে হবে।
সমাবেশ থেকে বক্তারা মাটিরাঙ্গায় রেংখুং এলাকায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত
সেনাসদস্যদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পার্বত্য চট্টগ্রাম থেকে
সেনাশাসন প্রত্যাহার করে অন্যায় দমন-পীড়ন বন্ধ করা ও পাহাড়িদের ন্যায্য দাবি পূর্ণস্বায়ত্তশাসন
মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


