""

গুইমারায় তিন গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, দুইজনকে নির্যাতন


গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

খাগড়াছড়ির গুইমারা উপজেলার ১ নং সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চৌধুরী পাড়ায় সেনাবাহিনীর সদস্যরা তিন গ্রামবাসীর বাড়িতে তল্লাশি ও দুইজনকে শারীরিক নির্যাতন করেছে বলে খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৬ নভেম্বর) বিকালে মাটিরাঙ্গা সেনাজোন থেকে ৩০-৩৫ জন সেনা সদস্য দেওয়ান পাড়ায় গিয়ে অবস্থান নেয়। পরে বুধবার বিকালে তারা সেখান থেকে নাক্যাপাড়া সেনাক্যাম্পে চলে যায়। ওই সেনাদলটি আজ বৃহস্পতিাবার (১৯ নভেম্বর) ভোর ৪টার সময় চৌধুরী পাড়ায় হানা দেয় এবং তিন গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালায় ও ২ ব্যক্তিকে শারীরিক নির্যাতন করে।

তল্লাশিকালে সেনারা অস্ত্র তাক করে ভয়ভীতি দেখায় এবং ‍“ইউপিডিএফ সদস্যরা কোথায় থাকে, এখানে ভাত খায় কি-না, তাদেরকে কেন খাবার দাও” ইত্যাদি হয়রানিমূলক জিজ্ঞাসাবাদ করে বলে ভুক্তভোগীরা জানান।

তল্লাশির শিকার গ্রামবাসীরা হলেন- ভূবান ত্রিপুরা (৫০), শান্তি ত্রিপুরা (৩৭), নয়নবালা ত্রিপুরা (৩৫)। তাঁরা তিন ভাই বোন। তাঁদের পিতার নাম মৃত সুধারাম ত্রিপুরা।

সেনারা ভূবান ত্রিপুরার বাড়ি থেকে সোনা ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

আর নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন একই গ্রামের অংসা ত্রিপুরা (২৪), পিতা: বজেন্দ্র ত্রিপুরা ও মিলন ত্রিপুরা, পিতা: রাজেন ত্রিপুরা। এদের মধ্যে অংসা ত্রিপুরাকে সেনারা আটক করে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। নির্যাতনের পর সেনারা তাদের দুইজনকে ছেড়ে দেয় বলে জানা গেছে।

পরে সকালে মাটিরাঙ্গা জোন থেকে আরো ৪টি গাড়িযোগে একদল সেনা সদস্য সেখানে গেছে বলে জানান স্থানীয়রা।

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত (সকাল ৮:৫০টা) সেনা সদস্যরা সেখানে অবস্থান করছিল। সেনাদের সাথে এলিন, মহিদুল, থাংসারাইসহ ৫ জন ঠ্যাঙাড়ে (মুখোশ) দুর্বৃত্ত রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

সেনাবাহিনীর এমন তল্লাশি ও নির্যাতনের ঘটনায় এলাকার জনগণের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments