""

বিশ্ব শিশু দিবসে ‘নিরাপদ ও শঙ্কামুক্ত শৈশব নিশ্চিতের’ দাবিতে রামগড়ে শিশু র‌্যালি


রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

​“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত" Let every child have a secure future)—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ ও শঙ্কামুক্ত শৈশব নিশ্চিত করার দাবিতে বিশ্ব শিশু দিবস ২০২৬ উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে শিশু র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালির ব্যানারে লেখা ছিল “শিশুর প্রতি দৃষ্টি দিন, অধিকার রক্ষা করুন, নির্বিচারে গুলিবর্ষণ, বাপ-ভাইদের ধরপাকড় করে এলাকায় আতঙ্ক সৃষ্টি চলবে না।”

আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সকালে অগ্রসর শিশু-কিশোর কেন্দ্র (এসিসি)-এর রামগড় উপজেলা শাখার উদ্যোগে এই র‌্যালির আয়োজন করা হয়।

সকাল ১০টার দিকে শিশু র‍্যালিটি শুরু হয়ে রামগড় বাজারের প্রধান সড়কগুলোর অন্যতম মহামনি সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা ভাস্কর্যে গিয়ে সমাবেশে মিলিত হয়। র‍্যালিতে অংশ নেওয়া শিশু-কিশোররা “শিশু অধিকার শুধু কাগজে নয়, পাহাড়েও বাস্তবায়ন চাই” দাবি সম্বলিত ফেস্টুন বহন করেন এবং শিশুদের ওপর নিপীড়ন বন্ধের দাবি জানিয়ে বিভিন্ন শ্লোদান দেন।

র‍্যালি শেষে মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ গুজা পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী প্রেমালী ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য দেন গুজাপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী অলিন চাকমা এবং এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরিয়া মারমা।

শিক্ষার্থী অলিন চাকমা বলেন, বিশ্ব শিশু দিবসে আমাদের সবচেয়ে বড় চাওয়া হলো নির্ভয়ে বাঁচা ও পড়াশোনার স্বাভাবিক পরিবেশ পাওয়া। তিনি বলেন, শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত—এটি কেবল স্লোগান নয়, বাস্তবে রূপ দিতে হবে। আমাদের শিশুদের প্রতি দৃষ্টি দিতে হবে এবং পাহাড়েও শিশু-কিশোরদের অধিকার রক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, এলাকায় নির্বিচারে গুলিবর্ষণ কিংবা বাপ-ভাইদের ধরপাকড় করে যে আতঙ্ক সৃষ্টি করা হয়, তা শিশুদের মনে গভীর ভয় ও মানসিক চাপ তৈরি করে। আমরা চাই এমন কোনো পরিস্থিতি তৈরি না হোক, যাতে আমাদের শৈশব নিরাপদ ও শঙ্কামুক্ত থাকে।

শিশুদের কর্মসূচিতে সংহতি জানিয়ে প্রধান শিক্ষক সুরিয়া মার্মা তাঁর বক্তব্যে শিশুদের নিরাপত্তা, শিক্ষা ও মানসিক সুস্থতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি শিশু তখনই পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, যখন সে পরিবার, সমাজ ও পারিপার্শ্বিক পরিবেশে নিজেকে নিরাপদ মনে করে।

তিনি আরও বলেন, শিশুদের অধিকার রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। এলাকায় কোনো ধরনের ধরপাকড় বা সহিংসতার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি হলে তার সবচেয়ে বড় নেতিবাচক প্রভাব পড়ে কোমলমতি শিশুদের ওপর। তাই শিশুদের নিরাপদ ও শঙ্কামুক্ত শৈশব নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি।

উল্লেখ্য, বিশ্বজুড়ে শিশুর অধিকার সুরক্ষায় ১৯৮৯ সালের ২০ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে শিশু অধিকার কনভেনশন বা সনদ (সিআরসি) গৃহীত হয়। সেই থেকে প্রতি বছর ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস হিসেবে পালিত হচ্ছে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments