লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের হুদুকছড়িতে সেনাবাহিনী এক
নিরীহ গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সকালে এ ঘটনাটি ঘটে।
তল্লাশির শিকার গ্রামবাসীর নাম দীপন চাকমা (৪৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর ৫টার সময় লক্ষীছড়ি সেনাজোন ও বাইন্যাছোলা
ক্যাম্প হতে ৪০ জনের মতো একদল সেনা সদস্য ফটিকছড়ির কর্ণফুলি চা বাগানের চৌরাস্তা নামক
স্থানে এসে জড়ো হয়। এরপর সেখান থেকে তারা সকাল সাড়ে ৮টার সময় হুদুকছড়িতে গিয়ে বাজার
পাড়ার বাসিন্দা দীপন চাকমা (৪৩)-এর বাড়ি ঘেরাও করে। এ সময় সেনারা বিনা অনুমতিতে বাড়িতে
প্রবেশ করতে চাইলে দীপন চাকমার স্ত্রী তাদের বাধা দেন। এতে তাদের মধ্যে বাগবিতণ্ডা
হয়। পরে এক পর্যায়ে সেনা সদস্যরা জোর করে বাড়ির ভিতর প্রবেশ করে তল্লাশি চালায়।
কিন্তু বাড়িতে তল্লাশি করার পরও অবৈধ কোনো কিছু না পেয়ে সেনারা সেখান থেকে
পুনরায় চা বাগানের দিকে চলে যায় বলে জানা গেছে।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত (সকাল ১০:৫০টা) সেনাবাহিনীর সদস্যরা চা বাগানে
অবস্থান করছিল বলে স্থানীয়রা জানান।
এদিকে, সেনাবাহিনীর এমন হয়রানিমূলক কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও
উদ্বেগের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী অবিলম্বে সাধারণ জনগণের ওপর সেনাবাহিনীর হয়রানি ও নিপীড়নমূলক
কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
