""

খাগড়াছড়িতে ‘ফিলিস্তিন সংহতি দিবসে’ সেনা-পুলিশী হামলার ১১ বছর আজ

২০১৫ সালের ২৯ নভেম্বর ‘ফিলিস্তিন সংহতি দিবস’ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামে ৮ গণসংগঠনের কনভেনিং কমিটির আয়োজিত ছাত্র-যুব-নারী সংহতি সমাবেশের মিছিলে সেনাবাহিনী ও পুলিশ হামলা চালায়। এতে অন্তত ১৪ জন আহত হয়। #ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

২০১৫ সালের ২৯ নভেম্বর জাতিসংঘ ঘোষিত ‘ফিলিস্তিন সংহতি দিবসে’ আট গণসংগঠনের কনভেনিং কমিটির উদ্যোগে ছাত্র-যুব-নারী সংহতি সমাবেশ করতে গিয়ে খাগড়াছড়িতে সেনা-পুলিশী হামলার ঘটনা ঘটে। এ হামলায় হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা ও কেন্দ্রীয় সদস্য দ্বিতীয়া চাকমা গ্রেফতারের শিকার হন। আজ ২৯ নভেম্বর ২০২৬ এ হামলার ঘটনাটির ১১ বছর পুর্ণ হলো।

প্রসঙ্গত, ১৯৭৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ২৯ নভেম্বরকে ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রদর্শনস্বরূপ “আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস” হিসেবে গ্রহণ করে। নির্যাতিত লাঞ্ছিত জনগোষ্ঠী হিসেবে ফিলিস্তিনি জনগণের সাথে বিশ্বের অপরাপর নিপীড়িত জনগণ যেমন সব সময়ই সংহতি জানিয়ে থাকে। পার্বত্য চট্টগ্রামের অধিকারহারা, নিপীড়িত পাহাড়ি জনগণও ফিলিস্তিনি জনগণের সাথে একাত্মতাবোধ করে।

ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ২০১৫ সালের ২৯ নভেম্বর ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষ্যে “ ’৭১-এর গণহত্যার দায়ে পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে, পার্বত্য চট্টগ্রামসহ সকল গণহত্যা ও যুদ্ধপরাধের বিচার কর” স্লোগানকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামের নিপীড়িত জনগণের পক্ষে অধিকারকামী ৮ গণসংগঠন (গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, সাজেক নারী সমাজ, সাজেক ভূমি রক্ষা কমিটি, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও প্রতিরোধ সাংস্কৃতিক স্কোয়াড)-এর কনভেনিং কমিটি খাগড়াছড়ি সদরে ছাত্র-যুব-নারী সংহতি সমাবেশের আয়োজন করে। তারা স্বনির্ভর থেকে মিছিল নিয়ে সমাবেশস্থল চেঙ্গী স্কয়ারে যাওয়ার পথে উপজেলা পরিষদ-টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে সেনাবাহিনী ও পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে সেনা ও পুলিশ সদস্যরা মিছিলকারীদের ওপর হামলা চালায় এবং সমাবেশ ভণ্ডুল করে দেয়। হামলার  সময় পুলিশ হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা ও কেন্দ্রীয় সদস্য দ্বিতীয়া চাকমাসহ ৪ জনকে গ্রেফতার করে। পরে ২ ছাত্রকে ছেড়ে দিলেও নিরূপা ও দ্বিতীয়া চাকমাকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। তাদের দুজনের ১৮ দিন জেল খাটতে হয়। উক্ত হামলায় নারীসহ অন্তত ১৪ জন আহত হন। সে সময় প্রথম আলো, সমকাল-সহ বিভিন্ন জাতীয় পত্রিকায় এবং টেলিভিশনে এ ঘটনা নিয়ে খবর প্রকাশিত হয়।

উক্ত হামলার ঘটনায় বাংলাদেশের শাসকগোষ্ঠির দ্বি-চারিতা দিবালোকের মতো স্পষ্ট হয় যে, তারা লোকদেখানোর জন্য ফিলিস্তিনি জনগণের পক্ষে অবস্থান নিলেও মূলত চরিত্রগতভাবে তার বিপরীতেই তাদের অবস্থান।  সে কারণে পার্বত্য চট্টগ্রামের বেলায় তারা ইসরায়েলের ভূমিকা পালন করে থাকে। অধিকারকামী পাহাড়ি জনগণকে দমিয়ে রাখতে নিপীড়ন-নির্যাতনের পন্থা বেছে নেয়। ফিলিস্তিনি সংহতি দিবস পালন করতে গেলেও হামলার চালানো হয়। পার্বত্য চট্টগ্রামে যুগ যুগ ধরে এ অবস্থা চলমান রয়েছে।

১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর পরই পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন করার মাধ্যমে সামরিকায়ন ঘটে। স্বাধীনতার দীর্ঘ ৫৫ বছর ধরে এ অঞ্চলে বিপুল সংখ্যক সেনাবাহিনী মোতায়েন রেখে সামরিক শাসন জারি রাখার মাধ্যমে পাহাড়ি জনগণের ওপর দমন-পীড়ন চলছে। বিভিন্ন সময়ে চালানো হয়েছে ডজনের অধিক গণহত্যা ও প্রায় ৩০টির মতো বড় আকারের সাম্প্রদায়িক হামলা। এছাড়া অন্যায় দমন-পীড়ন, গ্রেফতার, নির্যাতন, বিচার বহির্ভুত হত্যা, ভূমি বেদখল, নারী নির্যাতন, খুন, ঘরবাড়িতে বেআইনি তল্লাশি-হয়রানি... ইত্যাদি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তো প্রতিনিয়তই ঘটে চলেছে।

তাই, বলা চলে পার্বত্য চট্টগ্রাম যেন আরো এক ফিলিস্তিন। ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের ভূখণ্ড দখল ও ফিলিস্তিনি জনগণের ওপর অবিরাম দমন-পীড়ন জারি রেখেছে, একইভাবে বাংলাদেশের শাসকগোষ্ঠিও পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন ‘অপারেশন উত্তরণ’ ও দমনমূলক ’‌‌১১ নির্দেশনা’ জারি রেখে পাহাড়ি জনগণের ওপর অব্যাহতভাবে নিপীড়ন-নির্যাতন চালিয়ে যাচ্ছে। দেশে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন তারা একই পন্থায় পাহাড়ি জনগণের ওপর ‌‘এথনিক ক্লিনজিং’ নীতি প্রয়োগ করে থাকে।

কাজেই, পার্বত্য চট্টগ্রামে এই অব্যাহত রাষ্ট্রীয় দমন-পীড়নের বিরুদ্ধে মুক্তিকামী জনগণকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অস্তিত্ব তথা পার্বত্য চট্টগ্রাম রক্ষার্থে লড়াই-সংগ্রামে নিয়োজিত হওয়া ছাড়া আর কোন বিকল্প নেই।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments