""

বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতির পদ থেকে সন্তু লারমাকে অপসারণ এবং ৬ষ্ঠ জাতীয় সম্মেলনে তাঁকে বর্জনের আহ্বান


রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সহিংস চরমপন্থা ও সন্ত্রাসবাদকে উসকে দেওয়ার বিষয়ে উদ্বেগ জানিয়ে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সভাপতি সন্তু লারমাকে বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতির পদ থেকে অপসারণ এবং আগামী ২০-২১ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ আদিবাসী ফোরামের ৬ষ্ঠ জাতীয় সম্মেলনে তাঁকে বর্জন করার জন্য বিশিষ্ট মানবাধিকারকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে। 

এ বিষয়ে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, বিশিষ্ট মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এ বি এম শামসুল হুদা, চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন, ব্যারিস্টার সারা হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের রাজেকুজ্জামান রতন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে একটি চিঠি দিয়েছেন।

চিঠিতে বাবুধন চাকমা বলেছেন, “গত ১ অক্টোবর ২০২৬ থেকে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি, সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি এবং সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) প্রধান সন্তু লারমার নেতৃত্বাধীন সশস্ত্র ক্যাডারদের মোতায়েনের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। এ আন্দোলন চালাতে গিয়ে আমাদের মৃত্যুর হুমকি, ভয়ভীতি প্রদর্শন, অপহরণসহ বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে হচ্ছে। রাঙামাটি জেলার সাজেক পর্যটনকেন্দ্রে যাওয়ার সড়ক অবরোধ এখনো অব্যাহত রয়েছে। পিসিজেএসএস (সন্তু)-এর ক্যাডাররা একে-৪৭ সিরিজের রাইফেল, রকেট লঞ্চারসহ অন্যান্য অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত।”

সাজেক গণ অধিকার রক্ষা কমিটি আরও বলেছে, “সন্তু লারমা একটি সশস্ত্র গোষ্ঠী পরিচালনা করেন এবং তাঁর বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এমন একজন ব্যক্তির নেতৃত্বে বাংলাদেশ আদিবাসী ফোরাম পরিচালিত হতে পারে না। গত ১১ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে জানিয়েছেন যে, গত পাঁচ বছরে পার্বত্য চট্টগ্রামে পিসিজেএসএস (সন্তু)সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৩১৬ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত এবং ৪৯০ জন আহত হয়েছেন। একজন প্রতিমন্ত্রীর মর্যাদাসম্পন্ন পদে অধিষ্ঠিত আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হিসেবে তাঁর এ ধরনের সশস্ত্র গোষ্ঠী পরিচালনা করার আইনগত অধিকার থাকতে পারে না। তাঁর সশস্ত্র গোষ্ঠীর প্রতি বাংলাদেশ সরকারের সমর্থন বা পৃষ্ঠপোষকতা থাকলেও কোনো অবস্থাতেই একটি ব্যক্তিগত সশস্ত্র গোষ্ঠীর পরিচালনাকারী ব্যক্তিকে বাংলাদেশ আদিবাসী ফোরামের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে দেওয়া উচিত নয়। সেটি সন্তু লারমা হোন বা অন্য কেউ হোন।”

বাংলাদেশ আদিবাসী ফোরামের ৬ষ্ঠ জাতীয় সম্মেলনে বক্তব্য রাখার জন্য আমন্ত্রিত মানবাধিকার সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে বাবুধন চাকমা চিঠিতে আরও লিখেছেন, “একটি সশস্ত্র গোষ্ঠীর নেতা সন্তু লারমাকে বৈধতা দেওয়া থেকে বিরত থাকা প্রয়োজন। সন্তু লারমা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান পদে রয়েছেন বলে তাঁর সঙ্গে রাজনৈতিকভাবে সুসম্পর্ক বজায় রাখা সুবিধাজনক মনে হতে পারে। কিন্তু এ ধরনের আচরণ নৈতিক ও আইনগতভাবে অত্যন্ত নিন্দনীয়। মানবাধিকার সংগঠন এবং এসব সংগঠনের প্রধানদের নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার দায়িত্ব রয়েছে। সন্তু লারমার মতো একজন সশস্ত্র গোষ্ঠীর পরিচালনাকারী ব্যক্তিকে সম্মানিত অতিথি হিসেবে স্বীকৃতি ও বৈধতা দেওয়ার মাধ্যমে তাঁরা কোনোভাবেই সহিংস চরমপন্থাকে উৎসাহিত করতে পারেন না। পিসিজেএসএস হোক বা অন্য কোনো সংগঠন- কোনো সশস্ত্র গোষ্ঠীর নেতাকেই বৈধতা দেওয়া উচিত নয়। পার্বত্য চট্টগ্রামে আইনের শাসন কার্যকর থাকলে সন্তু লারমাকে দেশের প্রচলিত আইন অনুযায়ী জবাবদিহির আওতায় আনা হতো।”

চিঠিতে আরও বলা হয়, “আমরা আন্তরিকভাবে আশা করি, বর্তমানে একটি সশস্ত্র গোষ্ঠীর নেতৃত্বে থাকা সন্তু লারমার মতো ব্যক্তিকে সম্মেলনে অংশগ্রহণের সুযোগ দিয়ে সহিংস চরমপন্থা ও সন্ত্রাসবাদকে উসকে দেওয়ার বিষয়ে উদ্বেগ জানাতে আমাদের আন্তর্জাতিক সম্প্রদায় ও দাতা সংস্থাগুলোর শরণাপন্ন হতে হবে না।”

বিষয়টি নিয়ে যথাযথ পদক্ষেপের প্রত্যাশা করা হয় চিঠিতে। 

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে থাকা সত্ত্বেও একটি সশস্ত্র গোষ্ঠীর নেতা হিসেবে সন্তু লারমা প্রথমবারের মতো বর্জনের আহ্বানের মুখোমুখি হচ্ছেন।

সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

* চিঠিটি পড়তে ক্লিক করুন এখানে।

 


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments