রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
খাগড়াছড়ির রামগড় উপজেলার নাঙ্গেল পাড়া এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
ও হাচুক পাড়া এলাকায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের আকস্মিক উপস্থিতিকে ঘিরে এলাকার
জনমনে নানা সন্দেহ ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, আজ রবিবার (২৯ নভেম্বর ২০২৬) সকাল ১০টার দিকে উপজেলার
হাতিখেদা ক্যাম্প থেকে ১৫ জনের একদল বিজিবি সদস্য নাঙ্গেল পাড়ায় এসে অবস্থান নিয়ে টহল
কার্যক্রম চালায়।
অন্যদিকে, একই সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এবং সরকারের বিভিন্ন
পর্যায়ের কর্মকর্তাসহ ১২ জনের একটি দল পার্শ্ববর্তী হাচুক পাড়ায় গিয়ে অবস্থান নেয়।
তারা হালদা নদীর উৎপত্তিস্থল পরিদর্শনের জন্য সেখানে গেছেন বলে জানা গেছে।
সেখানে আগমন বিষয়ে স্থানীয়রা প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে জানতে চাইলে
তারা ‘ভ্রমণ ও পর্যটনের উদ্দেশ্যে এসেছেন’ বলে তাদেরকে জানান।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, প্রশাসনের কর্মকর্তারা এলাকায় আসার আগে স্থানীয়
বাসিন্দা, মুরুব্বী ও জনপ্রতিনিধিদের জানাননি। ফলে তাদের আকস্মিক আগমন এবং তারা ‘ভ্রমণ
ও পর্যটন’ বিষয়ে জানানোর ফলে স্থানীয় জনমনে নানা সন্দেহ ও কৌতুহলের সৃষ্টি হয়েছে। তাদের
ধারণা, কেবল হালদা নদীর উৎপত্তিস্থল পরিদর্শনই তাদের একমাত্র লক্ষ্য নয়, বরং এর আড়ালে
ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে।
তবে, সেখানে ‘পর্যটন’ বানানোর জন্য প্রশাসনের কোনো পরিকল্পনা রয়েছে কি-না
সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
