""

পিসিপির প্রতিনিধি সম্মেলনে যে কারণে এমএন লারমার মৃত্যুবার্ষিকী পালনে বিরত থাকার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে


নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ

রবিবার, ২২ নভেম্বর ২০২৬

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর ২২তম কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে যে ৬টি রেজ্যুলেশন গৃহীত হয়েছে তার মধ্যে প্রথমটি হচ্ছে ‘১০ নভেম্বর’ প্রয়াত মানবেন্দ্র নারায়ণ লারমার মৃত্যুবার্ষিকী সংক্রান্ত। শনিবার (২১ নভেম্বর ২০২৬) দিনব্যাপী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে গৃহীত রেজ্যুলেশনে ‘পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন না হওয়া অবধি পিসিপি সাংগঠনিকভাবে ‘১০ নভেম্বর’ পালন করা থেকে বিরত থাকবে’- এমন কথা বলা হয়েছে।

উক্ত রেজ্যুলেশনে বলা হয়, “পিসিপি’র ২২তম কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন গভীর অসন্তোষ ও বেদনার সাথে লক্ষ্য করে আসছে যে, ‘১০ নভেম্বর’ ঘনিয়ে আসলে পার্বত্য চট্টগ্রামে চিহ্নিত একশ্রেণীর লোকের মধ্যে নানা অনুষ্ঠান আয়োজনের হিড়িক পড়ে যায়। প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমাকে স্মরণ ও সম্মান জানানোর চাইতে তাঁর সংগ্রাম ও আত্মত্যাগকে পুঁজি করে নিজেদের ব্যক্তি ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই হচ্ছে এ ধরনের অনুষ্ঠানের আসল লক্ষ্য।

“২২তম পিসিপি প্রতিনিধি সম্মেলনে এটা স্পষ্ট প্রতীয়মান যে, লারমার প্রতিষ্ঠিত দল পা. চ. জনসংহতি সমিতি এখন আর কোন নিষিদ্ধ গোপন দল নয়। ‘পার্বত্য চুক্তি’ সম্পাদন ও আত্মসমর্পণের মাধ্যমে লারমার আপন ভ্রাতা সন্তু লারমার নেতৃত্বাধীন দলটি আঞ্চলিক পরিষদে আসীন, এটি সরকার-প্রশাসনের অংশীদার। আগে প্রয়াত লারমার নাম নেয়া কিংবা তাঁর নামে অনুষ্ঠান করা ছিল ঝুঁকিপূর্ণ, কিন্তু এখন তা হয়ে উঠেছে সুবিধা হাতিয়ে নেয়ার সবচেয়ে সহজ পন্থা। ‘১০ নভেম্বর’কে উপলক্ষ করে আঞ্চলিক পরিষদের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়ে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি, পদ-পদবি রক্ষা, এ সংস্থার অধীনস্থ নানা উন্নয়ন প্রকল্প, নিয়োগ ও আর্থিক বরাদ্দে অগ্রাধিকার লাভের ধান্দায় একশ্রেণীর ব্যক্তি ও গোষ্ঠী বহুবিধ অনুষ্ঠান আয়োজন করে থাকে। প্রয়াত লারমাকে সম্মান জানানোর চাইতে এই শ্রেণীর লোকরা দৃষ্টিকটুভাবে আঞ্চলিক পরিষদের আনুকূল্য লাভের মাধ্যমে সুবিধা হাতিয়ে নেয়ার প্রতিযোগিতায় নামে। এতে প্রয়াত লারমা যে উদ্দেশ্যে লড়াই করেছিলেন তার সেই সংগ্রামী চেতনা দুর্বল ও আড়াল হয়ে পড়ে, সমাজের সুবিধাবাদী প্রতিক্রিয়াশীলরাই সম্মুখ সারিতে চলে আসে। এর ফলে সমাজে সুবিধাবাদীদের দৌরাত্ম্য বেড়ে যাচ্ছে এবং অন্যদিকে তা সন্তু লারমার দালালি ও জাতীয় স্বার্থ বিরোধী রাজনীতিকে পুষ্ট করছে বলে পিসিপি’র ২২তম প্রতিনিধি সম্মেলন মনে করে।

“পিসিপি প্রতিনিধি সম্মেলন এটাও অবগত যে, আশির দশকে কঠিন পরিস্থিতিতে সেনা-গোয়েন্দা সংস্থার রোষানলে পড়ার আশঙ্কা থাকলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৯৮৫ সালের ১০ নভেম্বর লারমার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা হয়েছিল। কিন্তু বর্তমানে ব্যক্তিস্বার্থ চরিতার্থের হীনউদ্দেশ্যে প্রয়াত লারমার মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে, সে কারণে এ ধরনের সুবিধাবাদী তৎপরতা থেকে পিসিপি প্রতিনিধি সম্মেলন সচেতনভাবে দূরত্ব বজায় রেখে চলবে।

“পিসিপি প্রতিনিধি সম্মেলন জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জনসংহতি সমিতির প্রয়াত নেতা মানবেন্দ্র নারায়ন লারমার অবদানকে সম্মান ও শ্রদ্ধার সাথে স্মরণ করে। কিন্তু ‘১০ নভেম্বর’ লারমার প্রয়ান দিবসকে উপলক্ষ করে ব্যক্তিগত হীনস্বার্থ চরিতার্থ করার ধান্দাবাজি ঘৃণা করে, এ ধরনের অনুষ্ঠান অনুমোদন করে না। পিসিপি ২২তম কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করছে যে, পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন না হওয়া অবধি পিসিপি সাংগঠনিকভাবে ‘১০ নভেম্বর’ পালন করা থেকে বিরত থাকবে।”



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments