""

বাঘাইছড়ির বঙ্গলতলী এলাকায় দুই গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি!


বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জারুলছড়ি ব্রীজ দোকান পাড়া এলাকায় সেনাবাহিনী দুই গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

ভুক্তভোগীরা হলেন- সবিনয় চাকমা (৩৫), পিতা: বুদ্ধ রঞ্জন চাকমা ও চিবেচোগা চকামা (৫২), পিতা: বিশ্ব মোহন চাকমা। তাঁরা উভয়ে জারুলছড়ি ব্রীজ দোকান পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বেলা ২:৩০টার সময় সেনাবাহিনীর একটি দল জারুলছড়ি ব্রীজ দোকান পাড়ায় যায়। এ সময় সেনারা উক্ত দুই বাসিন্দার বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালায়। সেনারা তাদের কাছ থেকে ইউপিডিএফ সদস্যদের সম্পর্কে নানা জিজ্ঞাসাবাদ করে। পরে সেনারা তাদেরকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়।

বর্তমানে জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫-৩০ জন আর জারুছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ১৫-২০ জন সেনা সদস্য অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২ নভেম্বর থেকে বাঘাইহাট সেনাজোন ও করেঙ্গাতলী সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর সদস্যরা বঙ্গলতলী ও সাজেক ইউনিয়নের বিভিন্ন গ্রামে দিন-রাত নিয়মিত টহল-তৎপরতা চালিয়ে সাধারণ জনগণকে নানা হয়রানি করছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments