সরকারের কাছে ১০ দফা দাবি উত্থাপন
চট্টগ্রাম প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডব্লিউডিএফ)-এর
২য় কেন্দ্রীয় কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে। কাউন্সিলে জিকো ত্রিপুরাকে সভাপতি, বিনয়ন চাকমাকে
সাধারণ সম্পাদক ও শুভ চাককে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্যের নতুন কেন্দ্রীয়
কমিটি গঠন করা হয়েছে।
কাউন্সিল পরবর্তী সমাবেশ থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা, ছাটাই
ও হয়রানি বন্ধ, বৈসাবি উৎসবের সবেতন ছুটি, পার্বত্য চট্টগ্রামে দমন-পীড়ন বন্ধ করে অনতিবিলম্বে
সাজেকবাসীর দাবি মেনে নেওয়াসহ ১০ দফা দাবি জানানো হয়েছে।
আজ শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চট্টগ্রাম
প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হল-এ এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে ঢাকা,
নারায়নগঞ্জ, কুমিল্লা, মিরসরাই ও চট্টগ্রাম থেকে ৩ শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন।
“মেহনতি জনতা ও নিপীড়িত জাতির মুক্তির
সংগ্রামে এগিয়ে এসো, শ্রমজীবী বীর জওয়ান, যায় যাবে যাক প্রাণ” এই স্লোগানে অনুষ্ঠিত
কাউন্সিলে আর্ন্তজাতিক শ্রমিক সংগীত ‘The Internationale’ এর বাংলা ভার্সনের গানটি বাজিয়ে
কাউন্সিল অধিবেশন উদ্বোধন করা হয়। এরপর শোক প্রস্তাব পাঠ করেন রেশমি মারমা। শোক প্রস্তাব
পাঠ শেষে ন্যায্য অধিকার ও দাবি প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন সেইসব
শ্রমিক, মেহনতি মানুষ এবং পার্বত্য চট্টগ্রামে অধিকার আদায়ের লড়াইয়ে শহীদ হওয়া ব্যক্তিসমূহের
প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
কাউন্সিলের ১ম অধিবেশনে ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক
ফ্রন্টের কেন্দ্রীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রমোদ জ্যোতি চাকমা’র সভাপতিত্বে
এবং সদস্য সচিব শুভ চাক-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয়
সাধারণ সম্পাদক থুইনুমং মারমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা
চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সমর চাকমা,
বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, শ্রমিক বাংলাদেশ ট্রেড
ইউনিয়ন সংঘ, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক এডভোকেট এমরান হোসেন এবং জাতীয় গণতান্ত্রিক
ফ্রন্ট (NDF) চট্টগ্রাম জেলার সদস্য ওমর ফারুক এবং পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয়
সভাপতি কণিকা দেওয়ান। স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির সদস্য পিংকি চাকমা।
কাউন্সিলে সংহতি জানিয়ে আরো উপস্থিত ছিলেন প্রতিরোধ সাংস্কৃতিক স্কোয়াডের
জ্ঞানকীর্তি চাকমার নেতৃত্বে একটি টিম, খাগড়াছড়ি মহেন্দ্র সমিতি চয়নজ্যোতি চাকমার
নেতৃত্বে ৫ জন সদস্য, শ্রমিক ফেডারেশন, জাতীয় ছাত্রদল, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন,
বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ জেলা নির্মাণ
শ্রমিক সংঘ প্রমুখ নেতৃবৃন্দ।
পিংকি চাকমা তাঁর স্বাগত বক্তব্যে বলেন, মেহনতি জনতার
মুক্তির সংগ্রামের লক্ষ্যে আয়োজিত আজকের এই কাউন্সিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যে
আমরা দেখেছি, শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনে পুলিশ নির্মমভাবে হামলা চালিয়েছে।
পাহাড় ও সমতলের নিপীড়িত মানুষের ঐক্যবদ্ধ হয়ে লড়াই-সংগ্রাম চালিয়ে যেতে হবে। পাহাড়ে
যেমন নিপীড়ন-নির্যাতন চলছে, তেমনি সমতলেও মেহনতি মানুষ নিপীড়নের শিকার হচ্ছে। পাহাড়ে
মানুষের যৌক্তিক আন্দোলনে সেনাবাহিনী গুলি চালায়, আর সমতলে গুলি চালায় পুলিশ। তাই মুক্তিকামী
মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই-সংগ্রাম চালিয়ে যেতে হবে এবং নিজেদের কাঙ্ক্ষিত অধিকার আদায়
করতে হবে।
গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক থুইনুমং
মারমা তার বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের ওপর দীর্ঘদিন ধরে দমন-পীড়ন
চলছে। স্বাধীনতা-পরবর্তী পাঁচ দশকে সরকার পরিবর্তন হলেও পাহাড়িদের ওপর দমন-পীড়নের ধারাবাহিকতার
কোনো পরিবর্তন হয়নি।
তিনি আরও বলেন, কিছুদিন আগে শ্রমিকদের ন্যায্য মজুরির
দাবিতে আন্দোলনে তৌফিকসহ অনেক শ্রমিক মানুষ আহত ও নিহত হয়েছেন। নিপীড়িত শ্রমজীবী মানুষের
অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে পাহাড় ও সমতলের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা চাকমা বলেন, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসাভাড়া বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান মূল্যের কারণে ১২ হাজার টাকা বেতনে একটি সংসার পরিচালনা করা প্রায় অসম্ভব। এ বাস্তবতায় শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি অত্যন্ত যৌক্তিক। শ্রমিকদের শ্রম ও রক্তের ওপর দাঁড়িয়ে দেশের অর্থনীতি এগিয়ে চলেছে। অথচ বর্তমান সরকার শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বিভিন্ন ট্যাগ দিয়ে পুলিশ বাহিনীর মাধ্যমে হামলা চালাচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপি জাতীয় নির্বাচনের আগে ‘রেইনবো নেশন’-এর কথা বললেও সরকার গঠনের পর তার বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না। ২০২৪-পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামে দুটি বড় সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটলেও সেগুলোর যথাযথ তদন্ত ও বিচার হয়নি। একইভাবে সমতলে শ্রমিকদের আন্দোলনে পুলিশের গুলিতে তৌফিক নিহত হলেও এ ঘটনায় যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিত করা হয়নি।
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয়
কমিটির সভাপতি সমর চাকমা বলেন, ২০২৪ সালে ছাত্র-শ্রমিক-জনতার স্বৈরাচারবিরোধী আন্দোলনে
ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউডব্লিউডিএফ) নেতাকর্মীরা সামনের সারিতে
থেকে লড়াই-সংগ্রাম করেছেন। আওয়ামী লীগ সরকারের শাসনামল থেকে শুরু করে বর্তমান বিএনপি
সরকারের সময়েও যেকোনো যৌক্তিক আন্দোলনে পিসিপি ও ইউডব্লিউডিএফ লড়াই-সংগ্রাম জারি রেখেছে।
তিনি আরও বলেন, এই কাউন্সিল সম্পন্ন করা মোটেও সহজ ছিল
না। দেশের গোয়েন্দা সংস্থাগুলো নানাভাবে কাউন্সিলে বাধা দেওয়ার চেষ্টা করেছে। অতীতে
ন্যায্য আন্দোলনে পতিত আওয়ামী লীগ সরকার পুলিশ বাহিনী দিয়ে হামলা চালিয়েছে। একইভাবে
বর্তমান বিএনপি সরকারও সেই পথ অনুসরণ করছে। সরকার পরিবর্তন হয়, সরকার আসে-যায়; কিন্তু
মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। বর্তমান সরকারের উচিত আওয়ামী লীগ সরকারের পরিণতি
থেকে শিক্ষা নেওয়া।
শ্রমিকদের ন্যায্য মজুরির প্রসঙ্গে সমর চাকমা আরো বলেন,
বর্তমান বাস্তবতায় শ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবি মেনে নেওয়া প্রয়োজন।
সরকারের উচিত ছিল শ্রমিকদের দুঃখ-দুর্দশা ও দাবি-দাওয়ার কথা শোনা। কিন্তু তা না করে
সরকার শ্রমিকদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। যখন শ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির দাবি উত্থাপন
করা হয় তখন সরকার এটিকে সরকারবিরোধী আন্দোলন হিসেবে আখ্যায়িত করা হয়। একইভাবে পার্বত্য
চট্টগ্রামে মানুষের অধিকার নিয়ে কথা বললে বিচ্ছিন্নতাবাদী তকমা দেওয়া হয়।
পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, পাহাড়ের
দিকে তাকালে দেখা যায়, সেনা অভিযান পরিচালনার নামে সাধারণ পাহাড়ি জনগণকে নিপীড়ন-হয়রানি
করা হচ্ছে। আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে নই, আমরা সেনাশাসনের বিরুদ্ধে। পার্বত্য চট্টগ্রামের
সমস্যা একটি রাজনৈতিক সমস্যা। তাই এ সমস্যার সমাধানে সরকারকে রাজনৈতিকভাবে এগিয়ে আসতে
হবে।
বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম
তাঁর বক্তব্যে বলেন, শ্রমিকরা মূলত মালিকপক্ষের শোষণের শিকার। শ্রমিকরা কঠোর পরিশ্রমের
মাধ্যমে উৎপাদন কার্যক্রম পরিচালনা করলেও তাঁদের শ্রমের বিনিময়ে অর্জিত মুনাফার বড়
অংশ ভোগ করে মালিকপক্ষ। অথচ শ্রমিকরা তাঁদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। শ্রমিকদের
ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন সারা দেশে ছড়িয়ে দিতে হবে। শ্রমিকদের সম্মিলিত শক্তি
সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হলেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, চট্টগ্রাম জেলা শাখার সাধারণ
সম্পাদক অ্যাডভোকেট এমরান হোসেন বলেন, আজ থেকে প্রায় ৩০ বছর আগে কল্পনা চাকমাকে সেনাবাহিনীর
সদস্যরা গুম করে। বিগত ১৭ বছরেও দেশে অসংখ্য গুম ও খুনের ঘটনা ঘটেছে। পাহাড়ের নিপীড়নের
আগুন আজ সমতলেও ছড়িয়ে পড়েছে। পাহাড় ও সমতলে শোষণ-বঞ্চনার চিত্র অনেকাংশে অভিন্ন। তবে
সমতলের তুলনায় পাহাড়ের সমস্যা কিছুটা ভিন্নতর। পাহাড়ে শ্রেণিবৈষম্যের পাশাপাশি জাতিগত
নিপীড়নও বিদ্যমান।
![]() |
| বক্তব্য রাখছেন অ্যাডভোকেট এমরান হোসেন |
তিনি আরও বলেন, পাহাড় ও সমতলের নিপীড়িত, মুক্তিকামী মানুষকে
তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে ঐক্যবদ্ধ হতে হবে। পাহাড় কিংবা সমতল যেখানেই
মানুষ ন্যায্য অধিকার আদায়ের দাবিতে আন্দোলন করে, সেখানেই আন্দোলনকারীদের সরকারবিরোধী
তকমা দেওয়া হয়। কিন্তু এসব বাধা উপেক্ষা করে সংগ্রামী অংশীজনদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার
আন্দোলনে এগিয়ে আসতে হবে। বৈষম্যহীন ও জাতিগত সমতাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে
সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রতিনিধি ওমর ফারুক তাঁর
বক্তব্যে বলেন, পৃথিবীর যত সভ্যতা বিকশিত হয়েছে, তার প্রতিটির পেছনে শ্রমিকদের রক্ত
ও ঘাম জড়িয়ে রয়েছে। অথচ বর্তমান সময়ে শ্রমিকদের শ্রম শোষণ করে গার্মেন্টস মালিকপক্ষ
বিপুল মুনাফা অর্জন করছে। মালিকপক্ষ মুনাফা করলেও শ্রমিকরা তাঁদের ন্যায্য মজুরি থেকে
বঞ্চিত হচ্ছেন। শ্রমিক শোষণের এই যাঁতাকল ভেঙে ফেলতে হবে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার
প্রতিষ্ঠা করতে হবে।
![]() |
| বক্তব্য রাখছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রতিনিধি ওমর ফারুক |
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের অধিকার আদায়ের যে লড়াই চলছে, তার প্রতি আমরা সংহতি প্রকাশ করছি। পাহাড়ের মানুষও দীর্ঘদিন ধরে নিপীড়ন-নির্যাতনের শিকার হচ্ছেন। এই নিপীড়নের বিরুদ্ধে পাহাড় ও সমতলের মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান বলেন,
বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদ অন্য জাতিসত্তার মানুষের ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা এখনো
বিদ্যমান, যা বহুজাতিক রাষ্ট্রের বৈচিত্র্য ও স্বাতন্ত্র্যকে অস্বীকার করে। পার্বত্য
চট্টগ্রামের জনগণের নিজস্ব জাতিসত্তা, ভাষা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের অধিকারকে স্বীকৃতি
দিতে হবে। সাজেকে কৃত্রিম সংকট ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। সেনাবাহিনী
জেএসএসের সশস্ত্র সদস্যদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। প্রশাসন দীর্ঘদিনেও এসব সমস্যার কোনো
স্থায়ী ও সুস্থ রাজনৈতিক সমাধান করেনি।
পার্বত্য চট্টগ্রামে নারী নিপীড়ন, সহিংসতা ও নিরাপত্তাহীনতা নারীদের জীবনকে
প্রতিনিয়ত সংকটের মুখে ঠেলে দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে পাহাড়ি নারীরা
জাতিগত ও লৈঙ্গিক উভয় ধরনের বৈষম্য ও নিপীড়নের মুখোমুখি হতে হচ্ছে। জাতিগত নিপীড়ন ও নারী নির্যাতনের অবসান ঘটিয়ে ন্যায়বিচার,
সমতা এবং মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সভাপতির বক্তব্যে প্রমোদ জ্যোতি চাকমা বলেন, সমতলে জীবিকা নির্বাহ বা চাকরির
প্রয়োজনে অবস্থান করলেও দিনশেষে আমাদেরকে পাহাড়ে ফিরে যেতে হবে। তাই পাহাড়ের মানুষের
অধিকার, অস্তিত্ব ও স্বার্থ রক্ষার দায়িত্ব আমাদের প্রত্যেকের। পার্বত্য চট্টগ্রামে
সংঘটিত প্রতিটি অন্যায়, নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তুলতে
হবে। বর্তমানে শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন চলছে, তার সঙ্গে
পাহাড়ের অধিকার আদায়ের আন্দোলনের যুগপৎ কর্মসূচি গড়ে তুলতে হবে। পাহাড় ও সমতলের মেহনতি
মানুষের মধ্যে সংহতি ও ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। পার্বত্য চট্টগ্রামে অবৈধ সেনা অভিযান
বন্ধ করতে হবে এবং সেনাশাসনের অবসান ঘটাতে হবে। পাহাড়ের মানুষের ন্যায্য অধিকার ও মর্যাদা
প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
কাউন্সিলের ২য় অধিবেশনে সর্বসম্মতিক্রমে
জিকো ত্রিপুরাকে সভাপতি, বিনয়ন চাকমাকে সাধারণ সম্পাদক ও শুভ চাক-কে সাংগঠনিক সম্পাদক
নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
কাউন্সিল পরবর্তী উদযাপন ও অগ্রযাত্রার র্যালি বের বের
করা হয়। র্যালিটি চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে শুরু হয়ে চেরাগী পাহাড় মোড়ে গিয়ে এক
সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ইউডব্লিউডিএফের নবনির্বাচিত সভাপতি জিকো ত্রিপুরা হিল উইমেন্স ফেডারেশনের
বিশেষ নারী সম্মেলনে গৃহিত ৭ দফা রাজনৈতিক প্রস্তাব, ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের কনভেনশনে
ঘোষিত কর্মসূচী ও ৬ দফা দাবিনামা, পাহাড়ি ছাত্র পরিষদের ২২তম কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে
গৃহীত ৬টি বিষয়ে রেজ্যুলেশন ও ১০টি নতুন দাবিনামা, ৩ দফা কর্মসূচি ঘোষণার প্রতি সমর্থন
জ্ঞাপন করেন।
সমাবেশ থেকে তিনি বিএনপি সরকারের কাছে ১০ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো
হলো:
১। ন্যূনতম মুজুরি, ভাতা ও বোনাস : বাজারদর ও মুদ্রাস্ফীতির সাথে সংগতি রেখে সর্বনিম্ন মজুরি ৩০,০০০ থেকে ৩৭,১২৫ বেতন নিশ্চিত করতে হবে। প্রতি মাসের ৭ কর্মদিবসের মধ্যে বকেয়া ছাড়াই বেতন এবং শ্রম আইন অনুযায়ী (মূল বেতনের দ্বিগুণ হারে) ওভারটাইমের টাকা পরিশোধ। টাকা এবং সর্বোচ্চ গ্রেডে ৫৮,৫০০ টাকা করতে হবে।
২। ছাঁটাই ও হয়রানি বন্ধ : যৌক্তিক কারণ ছাড়া শ্রমিক ছাঁটাই
বন্ধ করা, 'কালো তালিকাভুক্ত' (Blacklist) না করা এবং আন্দোলনের কারণে দায়ের করা মামলা
প্রত্যাহার করতে হবে।
৩। নিরাপদ কর্মপরিবেশ ও ট্রেড ইউনিয়ন: কারখানায় অগ্নিনিরাপত্তা
ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে।
৪। নিরাপদ আবাসন ব্যবস্থা: শিল্পাঞ্চলগুলোতে পাহাড়ি নারী
ও পুরুষ শ্রমিকদের জন্য সরকারি বা কারখানা কর্তৃপক্ষের উদ্যোগে স্বল্পমূল্যে নিরাপদ
ডরমিটরি বা হোস্টেলের ব্যবস্থা করতে হবে।
৫। বৈষম্যহীন পদোন্নতি ও ন্যায্য মজুরি: জাতিগত পরিচয়
ভুলে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে পদোন্নতি দিতে হবে এবং শ্রম আইন অনুযায়ী নির্ধারিত
মজুরি ও ওভারটাইম নিশ্চিত করতে হবে।
৬। হয়রানি ও জাতি বিদ্বেষী আচরণ বন্ধ: কর্মক্ষেত্রে ও
আবাসনে পাহাড়ি শ্রমিকদের ওপর সব ধরনের মানসিক, শারীরিক ও জাতিগত হয়রানি বন্ধে কঠোর
ব্যবস্থা নিতে হবে এবং প্রতিটি কারখানায় কার্যকর ‘অভিযোগ সেল’ গঠন বাধ্যতামূলক করে
এতে পাহাড়ি শ্রমিকদের প্রতিনিধি থাকবে।
৭। মাতৃত্বকালীন ছুটি ও সুরক্ষা: শ্রম আইন অনুযায়ী গর্ভবতী
পাহাড়ি নারী শ্রমিকদের সবেতন মাতৃত্বকালীন ছুটি এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
৮। শ্রমিক নেতৃত্বে অংশগ্রহণ: কারখানার শ্রমিক কল্যাণ সংক্রান্ত কার্যক্রমে পাহাড়ি শ্রমিকদের আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
৯। ‘বৈসাবি’ উৎসবের সবেতন ছুটি: পাহাড়িদের প্রধান সামাজিক
উৎসব ‘বৈসাবি’ (বৈসু, সাংগ্রাই, বিজু) উদযাপনের জন্য ন্যূনতম ৩ দিনের সবেতন ছুটি ও
উৎসব বোনাস দিতে হবে। উৎসবে মূল বেতনের সমপরিমাণ (১০০%) বোনাস এবং তা উৎসবের অন্তত
এক সপ্তাহ আগে পরিশোধ করতে হবে।
১০। পার্বত্য চট্টগ্রামে দমন-পীড়ন বন্ধ করে অনতিবিলম্বে
সাজেকবাসীর দাবি মেনে নিতে হবে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।








