নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
রাঙামাটির নান্যাচরে লোগাঙ গণহত্যার ৩৪তম বার্ষিকীতে নিহতদের স্মরণে প্রদীপ
প্রজ্বলন করেছে গণতান্ত্রিক যুব ফোরাম, নান্যাচর উপজেলা শাখা।
আজ শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৬টার সময়ে এই প্রদীপ প্রজ্বলন কর্মসূচির
আয়োজন করা হয়। এতে নান্যাচরের বিভিন্ন ক্লাবের প্রতিনিধিসহ শিশু-কিশোররাও অংশগ্রহণ
করেন।
“পার্বত্য চ্ট্টগ্রামে অপারেশন উত্তরণের নামে সেনা অভিযান ও বিচারবহির্ভূত
হত্যা বন্ধ করে লোগাঙ গণহত্যাসহ ডজনের অধিক হত্যাকান্ডের বিচার ও শ্বেতপত্র প্রকাশ
কর” এই দাবি সম্বলিত শ্লোগানে আয়োজিত প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে গণতান্ত্রিক যুব ফোরামের
সদস্য সুমন চাকমার সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের নান্যাচর
উপজেলা শাখার সভাপতি প্রিয়তন চাকমা।
তিনি লোগাঙ গণহত্যাসহ পার্বত্য চট্টগ্রামে এ যাবত সংঘটিত সকল গণহত্যার শ্বেতপত্র
প্রকাশপুর্বক সুষ্ঠু বিচার, সেনা অভিযান ও দমন-পীড়ন বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি
এবং জুম্ম জনগণের ন্যায্য দাবি পূর্ণস্বায়ত্তশাসন মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান
জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।

