""

দীঘিনালায় ইউপিডিএফ সদস্যের “আত্মসমর্পণের” খবরটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও সাজানো : ইউপিডিএফ


নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালায় বোয়ালখালী ইউনিয়নের তুলাপাড়া এলাকা থেকে খাগড়াছড়ি সেনা ক্যাম্পে গিয়ে অস্ত্র ও এ্যামোনিশনসহ জেকসন চাকমা (২৯) নামে এক ইউপিডিএফ সদস্যের আত্মসমর্পণের যে খবরটি গতকাল (১৯ এপ্রিল) পার্বত্য নিউজসহ কিছু সেনা নিয়ন্ত্রিত ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও সাজানো বলে জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

আজ সোমবার (২০ এপ্রিল ২০২৬) ইউপিডিএফের অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে দলটির পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, “ইউপিডিএফ সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যেই এই মিথ্যা, বানোয়াট খবরটি প্রচার করা হয়েছে।”

ফেসবুক পেজের পোস্টে আরও বলা হয়, “মূলত জেকসন চাকমা ইউপিডিএফের লিস্টভুক্ত কোন সদস্য ছিল না। কয়েক মাস আগে সে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের ভয়ে দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের ধনপাদা এলাকা থেকে পালিয়ে এসে ইউপিডিএফের নিয়ন্ত্রিত এলাকায় অবস্থান করছিল। কাজেই, তার কাছে অস্ত্র-এ্যামোনিশন থাকার কোন প্রশ্নই আসে না।

“গত ১৮ এপ্রিল ২০২৬ জেকসন চাকমা অসুস্থতাজনিত কারণে চিকিৎসার জন্য তার স্ত্রীর সাথে চলে যায়। এর পর তাকে নিয়ে উক্ত “আত্মসমর্পণের” নাটকটি সাজিয়ে বিভ্রান্তিমূলক খবরটি প্রচার করা হয়।

“প্রাপ্ত তথ্যমতে, সেনাবাহিনীর কর্মকর্তারা প্রমোশনের আশায় তাদের সৃষ্ট ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের মাধ্যমে জেকসন চাকমাকে ডেকে নিয়ে গিয়ে কথিত আত্মসমর্পণের নাটকটি সাজিয়েছে।

“জেকসন চাকমার নিজ বাড়ি দীঘিনালার মেরুং ইউনিয়নে। সে ৮ বছর আগে ধনপাদা এলাকার পাকুজ্যাছড়ির দয়াল কান্তি চাকমার মেয়ে কোহেলি চাকমাকে বিয়ে করে সেখানে শ্বশুর বাড়িতে অবস্থান করে আসছিল। তার পিতা-মাতা বর্তমানে খাগড়াছড়ি পানছড়ি উপজেলার ধুধুকছড়ায় বসবাস করছেন বলে জানা গেছে।”



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments