""

লক্ষীছড়ির হুদুকছড়িতে মধ্যরাতে তিন গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি!


লক্ষীছড়ি প্রতিনধি, সিএইচটি নিউজ

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের অন্তর্গত হুদুকছড়ি এলাকার নতুন পাড়ায় সেনাবাহিনী নিরীহ তিন গ্রামবাসী বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

ভুক্তভোগীরা হলেন- ভুগোল কান্তি চাকমা (৪১), নাগুজ্জে চাকমা (৩০) ও কৃপা মোহন চাকমা (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মধ্যরাত আনুমানিক সাড়ে ১২টার সময় সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য ৭টি গাড়িতে করে কর্ণফুলি চা বাগানের জাফরাবাদ ডিভিশনের গেইটে আসে। কিন্তু গেইট তালাবদ্ধ থাকায় তারা গাড়ি নিয়ে প্রবেশ করতে পারেনি। পরে তারা গেইটের তালা ভেঙে চা বাগানের ভিতর প্রবেশ করে হেঁটে গিয়ে রাত ২টার সময় হুদুকছড়ি এলাকার নতুন পাড়ায় হানা দেয়। সেনাদের সাথে কয়েকজন ঠ্যাঙাড়ে (মুখোশ) সন্ত্রাসীও ছিল বলে জানা গেছে।

এ সময় সেনারা প্রথমে মিনুসোনা চাকমার বাড়ি ঘেরাও করে। পরে সেনা সদস্য ও ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা বাড়ির ভিতর ঢুকে তল্লাশি চালায়। এ সময় তারা ইউপিডিএফ সদস্যদের খোঁজ করতে থাকে। তারা জিজ্ঞাসা করতে থাকে, “আজকে এখানে ইউপিডিএফের কেউ এসেছে কিনা?” এ সময় সেনাদের সাথে থাকা একজনকে চাকমা ভাষায় কথা বলতে শোনা যায় বলে ভুক্তভোগীরা জানান। সেনাদের জিজ্ঞাসার জবাবে পরিবারের লোকজন “কেউ আসেনি” বলে উত্তর দিলে সেনা-ঠ্যাঙাড়েরা বাড়িতে থাকা স্কুল ছাত্রীর ব্যাগ তল্লাশি করে কোন কিছু না পেয়ে সেখান থেকে চলে যায়।

এরপর সেনারা নাগুজ্য চাকমার বাড়িতে হানা দেয়। সেখানেও ইউপিডিএফ সদস্যদের খোঁজ করে না পেয়ে চলে যায়। পরে তারা আরেক গ্রামবাসী কৃপা মোহন চাকমার বাড়িতে গিয়ে তল্লাশি ও একইভাবে জিজ্ঞাসাবাদ করে।

সেনারা দীর্ঘ ৫ ঘন্টা সেখানে অবস্থান করার পর সকাল ৭টার দিকে সেখান থেকে হুদুকছড়ি বাজার হয়ে ক্যাম্পে ফিরে যায় বলে স্থানীয়রা জানান। 

মধ্যরাতে সেনাবাহিনীর এমন হয়রানিমূলক তল্লাশির ঘটনায় এলাকার জনমনে আতঙ্ক, উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা নিরীহ লোকজনকে হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments