""

সাজেকে পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়িতে হামলার ঘটনায় জনগণের হাতে আটক ৪ যুবক

বিষয়টি সমাধানে আজ (সোমবার) এলাকার মুরুব্বীদের সামাজিকভাবে বৈঠকে বসার কথা রয়েছে।


জামাই কুশল চাকমার কাঠের আঘাাতে আহত তার শ্বাশুরি মিনা চাকমা

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬

রাঙামাটির সাজেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গঙ্গারাম এলাকার রেতকাবা গ্রামে পারিবারিক কলহের জেরে এক যুবক কর্তৃক দলবল নিয়ে তার শ্বশুর বাড়িতে হামলা-ভাঙচুর ও শাশুরিকে মারধর করার ঘটনায় স্থানীয় জনগণ ৪ যুবককে আটক করেছে বলে খবর পাওয়া গেছে।

গতকাল রবিবার (১৯ এপ্রিল ২০২৬) রাতে এই ঘটনাটি ঘটে বলে জানা যায়।

বিষয়টি সমাধানে আজ (সোমবার) এলাকার মুরুব্বীদের সামাজিকভাবে বৈঠকে বসার কথা রয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, কুশল চাকমা (রকেট) নামে এক যুবক গত বছর (২০২৫) রেতকাবা গ্রামের বাসিন্দা ধনগুলো চাকমার মেয়ে সোনারিকা চাকমা(নবীনা)-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কুশল চাকমার বাড়ি বাঘাইছড়ি ইউপির ৬নং ওয়ার্ডে কজইছড়ি গ্রামে। তার পিতার নাম শান্তশীল চাকমা।

বিবাহ-বন্ধনের কিছু সময় পর থেকেই তিনি স্ত্রীর ওপর নানা অত্যাচার শুরু করলে পারিবারিক কলহের সূত্রপাত ঘটে। পরে সামাজিকভাবে বিচারের মাধ্যমে স্থানীয় মুরুব্বীরা কিছু সময়ের জন্য স্বামী-স্ত্রী আলাদা থাকার সিদ্ধান্ত দেন। এরপর থেকে তার স্ত্রী সোনারিকা চাকমা তার বাপের বাড়িতে অবস্থান করছিলেন।

অপরদিকে, কুশল চাকমা চট্টগ্রাম, কুমিল্লা ইত্যাদি স্থানে গিয়ে থাকেন।

পরে বাড়িতে ফিরে এসে তিনি স্ত্রী সোরারিকা চাকমাকে তার কাছে যেতে খবর পাঠান। কিন্তু সামাজিভাবে সমস্যাটির মীমাংসা করে দেয়ার চেষ্টা করা হলেও কুশল চাকমার বাবা-মা উপস্থিত না থাকায় তা করা সম্ভব হয়নি বলে মুরুব্বীরা জানান।  

এরপর গতকাল রবিবার (১৯ এপ্রিল) রাত ৯টা সময়ে এলাকার ৫ জন যুবককে সাথে নিয়ে কুশল চাকমা মাতাল অবস্থায় তার শ্বশুর বাড়িতে হামলা চালায় এবং তার স্ত্রী সোনারিকা চাকমাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে তার শাশুরি মিনা চাকমা বাধা দিলে তাকে কাঠের টুকরো দিয়ে আঘাত করে আহত করা হয় এবং বাড়িতে ভাঙচুরসহ সোলার ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

কুশল চাকমার দলবল নিয়ে তার শ্বশুর ধনগুলো চাকমার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। সোলার ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। 

এ ঘটনার পর মোটর সাইকেলযোগে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ৪ যুবককে আটক করে। তবে কুশল চাকমা(রকেট) ও আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে সমাধানের জন্য আজ (২০ এপ্রিল) এলাকার মুরুব্বীদের সামাজিকভাবে বৈঠকে বসার কথা রয়েছে।

এলাকাবাসীর হাতে আটক হওয়া যুবকরা হলেন-

১. আশা প্রিয় চাকমা(২৮), পিতা-জয়চান চাকমা, গ্রাম-আয্যপুর, ৬ নং ওয়ার্ড, বাঘাইছড়ি ইউপি।

২. পিন্টু চাকমা (২৭), পিতা- শান্তিকুমার চাকমা, গ্রাম- উগলছড়ি, ৬ নং ওয়ার্ড, বাঘাইছড়ি ইউপি।

৩. সুমন চাকমা (২৬), পিতা- বিশ্বজিৎ চাকমা, গ্রাম- কজইছড়ি, ৬ নং ওয়ার্ড, বাঘাইছড়ি ইউপি।

৪. কালায়ে চাকমা (২৭) পিতা- রাম চাকমা, গ্রাম- কজইছড়ি, ৬ নং ওয়ার্ড, বাঘাইছড়ি ইউপি।

এ বিষয়ে কুশল চাকমার শ্বশুর ধনগুলো চাকমা বলেন, গতকাল রাতে আমি বাড়িতে ছিলাম না। শুধু মাত্র আমার স্ত্রী মিনা চাকমা ও মেয়ে সোনারিকা চাকমা বাড়িতে ছিল। আমার জামাই কুশল চাকমা দলবল নিয়ে মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যেতে চাইলে তাতে বাধা দেয়ায় লাঠি দিয়ে আঘাত করে আমার স্ত্রীকে রক্তাক্ত করা হয়েছে।

তিনি জানান, ৩২নং বাঘাইছড়ি ইউপির ৬নং ওয়ার্ডের কজইছড়ি গ্রামের বাসিন্দা শান্ত শীল চাকমার ছেলে কুশল চাকমার সাথে পারিবারিকভাবে ২০২৫ সালে আমার মেয়ে সোনারিকা চাকমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিই। কিন্তু বিবাহের কিছু সময় পর থেকেই কুশল চাকমা আমার মেয়ের ওপর অমানুষিক নির্যাতন চালানোর কারণে এক পর্যায়ে সামাজিক মুরব্বীরা বিচারিক নিয়মে কিছু সময়ের জন্য তাদের স্বামী-স্ত্রীকে পৃথক করে রাখার সিদ্ধান্ত দেন। সেভাবেই আমার মেয়ে বাড়িতে অবস্থান করছিল। গতকাল রাতে হঠাৎ করেই জামাই কুশল চাকমা এই হামলার ঘটনাটি ঘটিয়েছে।

কুশল চাকমার শাশুরি ভুক্তভোগী মিনা চাকমা বলেন, ‍“রাতের অন্ধকারে এসেই তারা (কুশলসহ অন্যরা) আমার মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর আমি গিয়ে মেয়েকে ছাড়িয়ে নিয়ে একটি রুমে তালাবদ্ধ করে রাখি। এক পর্যায়ে জামাই কুশল চাকমা আমাকে উপর্যপুরি লাঠি দিয়ে আঘাত করে আহত করে। এতে আমি অজ্ঞান হওয়ার উপক্রম হয়ে পড়ি। তারা বাড়িতেও ভাঙচুর করে। সোলারটি ভেঙে দেয়।”  

এর আগে কুশল চাকমা তার মেয়ের ওপর মারধরসহ নানা নির্যাতন করেছে বলে তিনি অভিযোগ করেন।

ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা

এদিকে, সিএইচটি ভ্যানগার্ড (CHT VANGUARD) নামে জেএসএস সংস্কারবাদীদের পরিচালিত একটি অনলাইন নিউজ পোর্টালে উক্ত ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে বাঘাইছড়িতে ইউপিডিএফ(প্রসিত) কর্তৃক ৪ জন নিরীহ জুম্মকে অপহরণের অভিযোগ” শিরোনামে একটি খবর প্রকাশ করা হয়। যা সর্বেব মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে ইউপিডিএফ।

পারিবারিক কলহের জেরে সংঘটিত ঘটনাকে ইউপিডিএফ কর্তৃক অপহরণ হিসেবে চালিয়ে দিয়ে তারা রাষ্ট্রীয় বিশেষ মহলকে খুশি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন ইউপিডিএফ সংগঠক রুপেশ চাকমা। তিনি সত্যতা যাচাই ছাড়া এ ধরনের মিথ্যা ও বানোয়াট খবর প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments