পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৩ মে ২০২৬
খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনী কর্তৃক কিরণ ত্রিপুরা (৬৫) ও তার ছেলে অরুণ
উদয় ত্রিপুরাকে(৩০) মারধরের অভিযোগ পাওয়া গেছে।
আজ রবিবার (৩ মে ২০২৬) সকালে পানছড়ি উপজেলার নীলাধন পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার সময় পানছড়ি সাবজোন থেকে ৪টি গাড়ি
যোগে ৪০-৪৫ জনের সেনা সদস্য লোগাং ইউনিয়নের ফাতেমা নগড় হয়ে হরিগোপাল পাড়া ও নীলাধন
পাড়ায় হানা দেয়। পরে সেনা সদস্যরা নীলাধন পাড়ার দোকানদার কিরণ ত্রিপুরা(৬৫), পিতা-
মৃত পরাণ ধন ত্রিপুরার কাছ থেকে মোবাইল কেড়ে নেয়। এ সময় তার ছেলে অরুণ উদয় ত্রিপুরাও
দোকানে ছিলেন।
সেনারা তাদের পিতা-পুত্রের কাছ থেকে “ইউপিডিএফের লোকজন কোথায় গেছে, কোন
দিকে চলে গেছে, তাদেরকে কেন খানা দাও?... এমন নানা হয়রানিমূলক প্রশ্ন জিজ্ঞাসা করে
এবং ইউপিডিএফ লোকজনের সন্ধান দিতে বলে। জিজ্ঞাসাবাদের সময় সেনারা তাদের পিতা-পুত্র
দু’জনকে থাপ্পর মারেন বলে স্থানীয়রা জানান।
সাধারণ নিরীহ লোকজনের ওপর সেনাদের এমন আচরণে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গত ১ মে হতে বিপুল সংখ্যক সেনা সদস্য পানছড়ির চেঙ্গী ইউনিয়নের
তারাবন ও লোগাং ইউনিয়নের চিকনচান পাড়ায় তাবু টাঙিয়ে অবস্থান করছে। সেখান থেকে তারা
ড্রোন উড়িয়ে এলাকায় নজরদারি করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
