""

খাগড়াছড়িতে চেঙ্গী নদী থেকে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ তপন উদয় চাকমা’র লাশ উদ্ধার

সংগৃহিত ছবি

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১ মে ২০২৬

খাগড়াছড়ির পেরাছড়া এলাকায় চেঙ্গী নদী থেকে পানিতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর তপন উদয় চাকমা (৫৬)-এর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের দপ্তরি ছিলেন।

শুক্রবার (১ মে ২০২৬) সকালে শহরের রাজ্যমণি পাড়া এলাকার চেঙ্গী নদী থেকে (গঞ্জপাড়া দক্ষিণ চর) তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) সদরের জামতলী যুবরাজ পাড়ার নিজ বাড়ির পাশের চেঙ্গী নদীতে বৃষ্টির পানিতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে তপন উদয় চাকমা পানির প্রবল স্রোতে তলিয়ে যান।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

অবশেষে তিনদিন পর রাজ্যমণি পাড়া এলাকার চেঙ্গী নদীর চরে লাশটি স্থানীয়দের নজরে আসে। পরে তারা পুলিশকে খবর দিলে নদীর বালুর ভেতর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments